বাংলা টেলিভিশনের তিন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা, রুকমা রায় ও প্রিয়াঙ্কা মিত্র ধরা দিলেন একই ফ্রেমে। তাদের দেখে মনে হচ্ছে পুজো আসতে এখনও কয়েকদিন বাকি থাকলেও, এই তিন বান্ধবীর জন্য পুজোর সেলিব্রেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
এমনিতেই তৃণা মাঝে মধ্যেই তার নাচের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেই থাকেন। এবার দুই বান্ধবীর সঙ্গে তাল মিলিয়ে নাচলেন ‘কপূর অ্যান্ড সন্স’ ছবির গান ‘লড়কি বিউটিফুল কর গয়ি চুল’-এর সাথে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। নেটিজেনদের কাছে বিশেষ প্রশংসিত হয়েছে এই ভিডিও।
অতিমারির কারণে এমনিতেই এই বছর পুজোর আনন্দ অনেকটা ম্লান। টলিপাড়ার সেলেব্রিটিরা কেউই সেভাবে পুজোর উদ্বোধনে যাচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে, এই সময়টা করোনার ‘সুপার স্প্রেডার’ সময়। তাই এই সময় বাড়িতে থাকাই শ্রেয় বলে মনে করছেন সকলে। বাড়িতে থেকেই যতটা আনন্দ উপভোগ করা যায় আর কি। সেই কথা মাথায় রেখেই তিন বান্ধবী পা মেলালেন একই তালে।
তৃণা এই মুহূর্তে স্টার জলসায় ‘খড়কুটো’ নামের ধারাবাহিকে অভিনয় করছেন। এর পাশাপাশি রয়েছে বেশ কিছু মডেলিং-এর কাজও। সম্প্রতি ‘বিশেষ বন্ধু’ নীল ভট্টাচার্যের সঙ্গে একটি ফটোশুট করেছেন তৃণা। সোশ্যাল মিডিয়ায় তা বহু প্রশংসিত। তাছাড়া, বলিউড গান ‘ফলক তক’-এ একটি ড্যান্স পারফর্মেন্স করে দর্শকের বাহবা কুড়িয়েছেন ওই জুটি। নীল আপাতত জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে কাজ করছে।
অন্যদিকে, অভিনেত্রী রুকমা রায় “বাঘবন্দি খেলা” ধারাবাহিকে অভিনয় করছিলেন। কিন্তু ধারাবাহিকের টিআরপি না থাকায় চ্যানেলের তরফ থেকে ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে তিনি পরিবারের সঙ্গেই ছুটি উপভোগ করছেন। আর অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র এই মুহূর্তে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “মোহর”-এ অভিনয় করছেন।






