নয়া নির্দেশ জারি রাজ্যের৷ এবারে সংখ্যালঘু পড়ুয়াদের সংখ্যা যে স্কুলে ৭০% এর বেশি সেই সমস্ত স্কুলগুলিতে ডাইনিং হল তৈরীর নির্দেশ পাঠালো রাজ্য৷
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সমস্ত স্কুলগুলিতে জারি করা হয়েছে একটি নোটিশ। নোটিশ অনুযায়ী আগামী ২৮ জুনের মধ্যে যে সমস্ত স্কুলগুলোতে ৭০ % এর বেশি সংখ্যালঘু পড়ুয়া রয়েছে তাদের নানান তথ্য পাঠাতে হবে। যেমন, স্কুলের নাম, ব্লক বা পুরসভা, মোট পড়ুয়ার সংখ্যা, সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা এবং সংখ্যালঘু পড়ুয়ার হার। এরপরই ৭০% কিংবা এর বেশি সংখ্যালঘু পড়ুয়া রয়েছে এমন স্কুলগুলোতে শুরু হয়ে যাবে ডাইনিং হলের কাজ৷
ইতিমধ্যেই রাজ্য সরকারের এই নির্দেশে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপি নেতৃত্বদের বক্তব্য, ইতিমধ্যেই স্কুলগুলোতে সব ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায়। তবে আলাদা ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশি পড়ুয়া যুক্ত স্কুলগুলোতে এই নিয়ম কেনো? তবে কি এবার পড়ুয়াদের মধ্যেও সাম্প্রদায়িকতা ঢুকিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী? আপাতত গোটা রাজ্য বিজেপি নেতৃত্ব রাজ্য সরকারের এই নির্দেশের কঠোর সমালোচনা করছেন।