আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধারাবাহিক দল মহেন্দ সিংহ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস। সোশ্যাল মিডিয়ায় এই রকম পোস্ট হামেশাই দেখা যায় যে, আইপিএলের বাকি টিমগুলো খেলে চেন্নাই সুপার কিংসের সাথে ফাইনালে মুখোমুখি হওয়ার জন্য। তবে এই বছর সংযুক্ত আরব আমিরশাহিতে চলতি আইপিএলে চেন্নাইয়ের প্রদর্শন একেবারেই নজরকাড়া নয়। সমর্থকরাও খুশি নয় সিএসকের এই ধরণের প্রদর্শনে।
যদিও চেন্নাইয়ের প্লে অফে যাওয়ার আশা এখনও খাতায় কলমে টিকে রয়েছে। তবে এবার হয়তো প্লে-অফে যাওয়া হবে না আইপিএলের ইতিহাসের সবচেয়ে ধারাবাহিক দলের। চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিংও নেতিবাচক বার্তা দিচ্ছেন, আত্মবিশ্বাস ধরে রাখতে পারছেন না তিনিও। ফ্লেমিং বলেন, “দলের মানসিকতা একদম তলানিতে ঠেকেছে। বেশ কয়েকটা ক্লোজ ম্যাচে আমরা হেরে বসি। অনেক ম্যাচে স্রেফ পরাস্ত হয়েছি। আমরা জানতাম রাজস্থান রয়্যালস ম্যাচ আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল।”
সেই সঙ্গে তিনি আরও যোগ করেছেন, “লিগ টেবিলের দিকে তাকালেই স্পষ্ট দলের অক্সিজেন শেষ হয়ে গিয়েছে। যদি পরপর তিন বছরের দিকে তাকানো যায়- প্রথম বছরে ট্রফি জিতেছিলাম। দ্বিতীয় বছরে শেষ বলে হেরে বসি। আমরা জানতাম বয়স্ক স্কোয়াড নিয়ে তৃতীয় বছরে লড়াইটা কঠিন হবে। দুবাই আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখনো প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যখন নিজের দলের ফর্ম বদলে ফেলার প্রসঙ্গ কিংবা অন্য দলের ফলাফলের উপর নির্ভর করে থাকতে হয় তখন পজিটিভ থাকা আসলে ভীষণই শক্ত।” এখনও পর্যন্ত ১০ টি ম্যাচ খেলে সাতটা হেরে পয়েন্টস টেবিলের সবার শেষে রয়েছে চেন্নাই।





