বয়স প্রায় ৫০-এর দোরগোড়ায়। কিন্তু এখনও তাকে দেখলে সদ্য যৌবনে পা দেওয়া তরুণীরাও হিংসে করবে। সর্বদাই চিরউজ্জ্বল, চিরযৌবনা ও আকর্ষণীয় মন্দিরা বেদি। সবসময়ই তার উপস্থিতি নজর কাড়ে নেটিজেনদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খুশির খবর শেয়ার করেন তিনি। ফের মা হয়েছেন মন্দিরা বেদি। পরিবারে এসেছে নতুন সদস্যা। সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবিও পোস্ট করেন তিনি। তবে বায়োলজিক্যাল সন্তানের জন্ম দেন নি তিনি। একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন সঞ্চালিকা-অভিনেত্রী।
গত নভেম্বর মাসে একটি সাক্ষাৎকারে মন্দিরা বেদি জানান একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা তার অনেকদিনের। তার ছেলে বীরের একটা বোন দরকার। এমনকি, মেয়ের নামও ঠিক করে রেখেছেন তিনি। সেই মতোই চলতি বছরের জুলাই মাসে একটি মিষ্টি চার বছরের কন্যা সন্তান দত্তক নেন তিনি। মেয়ের নাম রেখেছেন তারা বেদি কৌশল। তার উজ্জ্বল চোখদুটির কারণে মেয়ের নাম তারা দেওয়া যথার্থ বলে মনে করেছেন মন্দিরা বেদি।
১৯৯৯ সালে রাজ কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মন্দিরা বেদি। ২০১১ সালে তাদের পুত্রসন্তান বীরের জন্ম হয়। স্বামী, পুত্র ও কন্যাকে নিয়ে সপরিবারে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে চারজনকেই একই রঙের পোশাকে দেখা গেছে তাদের। তাদের মাঝে একেবারে মধ্যমণি হয়ে থাকতে দেখা যায় তারাকে। উজ্জ্বল চোখ, স্মিত হাসি ও মাথায় ছোটো ছোটো দুটি ঝুঁটিতে মিষ্টি দেখাচ্ছিল তাকে। তার আগমনের পোস্ট দেখে মন্দিরা বেদিকে বাহবা জানিয়েছেন তার অনুরাগীরা। নতুন সন্তানের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেকেই।





