ক্রিকেটাররা অবসর নেওয়ার পরে অনেকেই রাজনীতির ময়দানে চলে আসেন। তেমন জল্পনা আবার শুরু হল সোশ্যাল মিডিয়ায়। এই বছরের স্বাধীনতা দিবসের দিন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না। এই বছর চেন্নাইয়ের হয়ে আইপিএল না খেলে রায়না নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এর মধ্যেই রায়নাকে দেখা গিয়েছে ফ্লাইটে বিজেপি নেত্রী সাজিয়া ইলমির সঙ্গে।
যা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে তাহলে কি রায়না রাজনীতিতে আসতে চলেছেন? বিজেপিতে যোগ দিচ্ছেন রায়না? এমনই কৌতুহল শুরু হয়ে যায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। বিজেপি নেত্রী সাজিয়া ইলমি রায়নার সঙ্গে ছবি টুইট করে লিখেছেন, “সুরেশ রায়না দারুণ একজন ব্যক্তি। ভদ্রতার শেষ কথা। উনি কোভিড নেগেটিভ। আমার আবার কোভিডের এন্টিবডি তৈরি। তাই চায়ের হাতে গল্প করতে রাজি হই। উনি কপিল শর্মা শো-এর শ্যুটিংয়ে যাচ্ছেন।”
যদিও এই টুইটের পর পরিস্কার হয়ে যায় যে, রায়না ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা মুম্বই গামী ফ্লাইটে কপিল শর্মার শো-তে যোগ দিতে যাচ্ছিলেন। বলা বাহুল্য, এই বছর আইপিএল থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান রায়না। তাঁকে ছাড়া সিএসকে দলেরও যেন ভরাডুবি। আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকেও গিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই ব্যাটিং লাইন-আপে রায়না’র অভাব স্পষ্ট।






