বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বোঝাচ্ছিলেন অভিনেত্রী, দর্শকও সেই মতোই আন্দাজ করতে শুরু করেছিলেন, এবার সেই খবরেই সিলমোহর দিলেন অভিনেত্রী নিজেই। বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট করে নিজের মা হওয়ার খবর নিশ্চিত করলেন টেলি অভিনেত্রী মধুবনী।
বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করছিলেন মধুবনী যা থেকে অনেকেই আন্দাজ করে নিয়েছিলেন যে মধুবনী হয়ত অন্তঃসত্ত্বা। কিছুদিন আগে দুর্গার কোলে গণেশের ছবি পোস্ট করে ক্যাপশন দেন “দেখা হবে খুব শীঘ্রই”। এরপর আবার ছোট্ট গোপালের ছবি পোস্ট করে লেখেন, “রাধারানীকে আমার কাছে পাঠাও, নয়তো তুমিই এসো, যা খুশি”।
এছাড়া, অভিনেত্রী জানান যে এই বছর করবা চৌথ ব্রত করার তার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনও একটা খুব স্পেশাল কারণে তা তিনি করতে পারছেন না। এর উপর বৃহস্পতিবার, নিজের ও স্বামী রাজার ছবি পোস্ট করে তিনি লেখেন যে, “আবার প্রেমে পড়তে চলেছি, আরও একবার। সারা জীবনের মতো, তিবে এবার আর রাজা গোস্বামীর নয়। রাজা গোস্বামীও প্রেমে পড়তে চলেছেন, তবে এবার আর আমার সঙ্গে নয়”। এই লেখার সঙ্গে ছোট্ট শিশুর ইমোজিও দেন মধুবনী। তাতেই তার মা হওয়ার খবর বেশ স্পষ্ট হয়ে যায়।
এরপর গতকাল অভিনেত্রী নিজের বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে এই খবর নিশ্চিত করলেন। ছবিতে স্বামী রাযা গোস্বামীকেও দেখা গিয়েছে। ছবি পোস্ট করে মধুবনী ক্যাপশন দেন, “জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, আশীর্বাদ করবেন সকলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন”। এর সঙ্গে কিছু শিশুর ইমোজিও পোস্ট করেন অভিনেত্রী। তার এই পোস্টে শুভেচ্ছা বার্তা উজাড় করে দিয়েছে তার অনুরাগীরা।
প্রসঙ্গত, ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমেই নিজেদের অভিনয় জীবন শুরু করেন রাজা ও মধুবনী। ধারাবাহিকে তাদের অভিনীত ওম-তোড়া জুটি একসময় সাড়া ফেলে দেয় দর্শকমহলে। তাদের জুটি এতো জনপ্রিয়তা অর্জন করেছিল যে তাদের ওম তোড়া নামেই চিনতেন দর্শক। তখন থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। ২০১৬ সালে নিজেদের সম্পর্ককে পরিণতি দেন রাজা ও মধুবনী। পরবর্তীকালে ‘ছদ্মবেশী’ ধারাবাহিকে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। কিছুদিন আগেই নিজের স্যালনের উদ্বোধন করেন মধুবনী।





