গত মাসেই মুর্শিদাবাদে গরুপাচার কাণ্ডের সঙ্গে যুক্ত এনামুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিবিআই। সেই থেকেই খোঁজ চলছিল তাঁর। এই ঘটনার তদন্তে বৃহস্পতিবার সারাদিন কলকাতা ও বিধাননগরের একাধিক জায়গায় তল্লাশি চালায় গোয়েন্দারা। অবশেষে বিএসএফ আধিকারিক সতীশ কুমারের সূত্র ধরেই শুক্রবার গ্রেফতার করা হয় এনামুলকে এই ঘটনায় নাম জড়িয়েছে সতীশ কুমারেরও।
সিবিআই সূত্রের খবর, আজ, শুক্রবার দিল্লি থেকে গ্রেফতার করা হয় এনামুলকে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ রয়েছে। এই ঘটনার তদন্তে গত সেপ্টেম্বরে কলকাতা ও মুর্শিদাবাদের একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই।
এনামুলের বিরুদ্ধে অভিযোগ, সীমান্তে বিএসএফের আটক করা গরু কাটমানি দিয়ে চারিয়ে ফের তা বাংলাদেশে পাচার করেন এনামুল। বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে প্রত্যেক গরুর জন্য ২০০০ টাকা করে দিতেন তিনি। এছাড়াও, কাস্টমস আধিকারকদের দিতে হত ৫০০ টাকা করে। এমনকি, এনামুল নিজের কোম্পানিতে সতীশ কুমারের ছেলে ভুবন ভাস্করকে ৩০০০০ টাকা মাস মাইনের চাকরিও পাইয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। এদিন বিধাননগরে সতীশ কুমারের বাড়িতেও তল্লাশি চালানো হয়।
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশি নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীর বিঁধেছিলেন কেন্দ্রকে। রাজ্যকে না জানিয়ে কেন্দ্রের গোয়েন্দা এ কাজ করতে পারেন না বলে অভিযোগ আনেন তিনি। তাঁর মন্তব্য ছিল, “কী প্ল্যান রে বাবা”। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বাংলা সফরে রয়েছেন, ঠিক সেই সময়ই কেন্দ্রের গোয়েন্দা রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। ফলে দুটি বিষয়কেই একসঙ্গে জুড়ে দিয়েছেন অনেকেই।





