লজ্জাজনক! বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে জুহি চাওলা, ক্ষোভ উগড়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়

বেজায় চটেছেন কলকাতা নাইট রাইডার্স-এর অন্যতম মালকিন ও জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। নেপথ্যে রয়েছে বিমানবন্দরের ‘চূড়ান্ত অব্যবস্থা’। এই নিয়ে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এর সঙ্গে বিমানবন্দরের পরিষেবা আরও সাবলীল করার ও যাত্রীদের হেনস্থার হাত থেকে মুক্তি দেওয়ার দাবীও জানান জুহি।

সবেমাত্র আইপিএল অভিযান শেষ করে ফিরেছেন তিনি। এরই মধ্যে দেশে ফিরে এক অপ্রীতিকর অভিজ্ঞতার সম্মুখীন হন জুহি চাওলা। অবতরণের পর বিমানবন্দরে সহযাত্রীদের সঙ্গে প্রায় দু’ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাকে হেলথ ক্লিয়ারেন্সের জন্য। ঘণ্টার পর ঘণ্টা ধরে মাস্ক ও ফেস শিল্ড পরে শয়ে শয়ে মানুষ অপেক্ষা করছেন কখন তারা হেলথ সার্টিফিকেট পাবেন। লাইনে দাঁড়িয়েই কাউন্টারের সামনে থাকা ভিড়ের ভিডিও করেন তিনি। এরপর নিজেই সেটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অভিনেত্রী।

টুইটে নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, “বিমানবন্দর কর্তৃপক্ষ ও সরকারের কাছে হেলথ ক্লিয়ারেন্স কাউন্টারের সংখ্যা আরও বাড়ানোর ও আরও বেশি সংখ্যায় আধিকারিক নিয়োগ করার অনুরোধ জানাচ্ছি। অবতরণের পর যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। বিমানের পর বিমান এসেই চলেছে। খুবই করুণ ও লজ্জাজনক পরিস্থিতি”। অভিনেত্রীর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদে সরব হয়েছেন নেট জনতা। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবী তুলেছেন অনেকেই।

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স এবার আইপিএলের প্লে-এফে উঠতে ব্যর্থ হয়। পাঁচ নম্বরে থেকে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অভিযান শেষ করে তারা। ১৪ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে জয়লাভ করে কেকেআর। ১৪ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত প্লে-অফের দৌড়ে টিকে থাকলেও নেট রানরেটের নিরিখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পিছিয়ে পড়তে হয় কলকাতাকে।

RELATED Articles