নেপথ্যে জঙ্গি যোগ, জম্মুর ৩৩ নেতার বিদেশযাত্রা নাকচ করল কেন্দ্র!

২০১৯ সালের ৫ই আগস্ট জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর সেখানকার ৩৭ জন রাজনৈতিক নেতার বিদেশ যাত্রার উপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। পরে বাদ যায় চারজনের নাম। এবার সেই নিষেধাজ্ঞার সময়সীমা বৃদ্ধি করল ভারতীয় প্রশাসন।

এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত কেন‌ও নেওয়া হল সরকারিভাবে সেই বিষয়ে এখনও পর্যন্ত খোলাখুলি কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ওই নেতাদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী ও কাশ্মীরে ক্রমাগত নাশকতা ছড়ানোর চেষ্টা করে চলা জেহাদিদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে। আর সেই কারণেই তাঁদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য, গত বৃহস্পতিবার দুবাইয়ে একটি পারিবারিক অনুষ্ঠান যোগ দিতে যাচ্ছিলেন কাশ্মীরের পহেলগাম বিধানসভার প্রাক্তন বিধায়ক ও ন্যাশনাল কনফারেন্স নেতা আলতাফ আহমেদ ওয়ানি (Atlaf Ahmed Wani)। কিন্তু, তাঁকে দিল্লি বিমানবন্দরেই আটকানো হয়। সরাসরি জানানো হয় আগামী বছরের মার্চ পর্যন্ত তিনি বিদেশ সফরে যেতে পারবেন না।

সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে এইপ্রসঙ্গে বলতে কাশ্মীরের ওই নেতা বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে কাউন্টারে যাওয়ার পর আমাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তিন ঘণ্টা ধরে বসিয়ে রাখার পর আধিকারিকরা জানান, আমার বিদেশ যাত্রার উপরে আগামী বছরের মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা আছে। তাই এখন আমি দুবাই যেতে পারব না।’

সূত্রের খবর, ৩৩ জন ওই নেতার তালিকায় ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও জেকে পিপলস কনফারেন্সের আলি মহম্মদ সাগর, আবদুল রহিম রাঠের, নইম আখতার, সাজ্জাদ লোন ও তাঁর ভাই বিলাল লোন, আলতাফ আহমেদ ওয়ানি ও বাসাতার বুখারি-সহ বিভিন্ন জনের নাম আছে। যদিও ন্যাশনাল কনফারেন্সের দুই নেতা ফারুক ও ওমর আবদুল্লা এবং পিডিপি প্রধান মেহবুবা মুফতির নাম নেই এই তালিকায়।

আরও অন্যান্য খবর