অবশেষে রাজ্যবাসীর দাবী মেনে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন চালু করাতে অনুমতি দিল রেল কর্তৃপক্ষ। শুক্রবার রাজ্য ও রেলের বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিনই, টুইট করে রেলমন্ত্রী পীযূষ গয়াল জানান, আগামি ২রা ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে চলবে ৫৪টি পাসেঞ্জার ট্রেন।
শুক্রবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন সচিব, রেল পুলিশের ডিজি, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের সিওএম, ডিআরএম-সহ আরও একাধিক আধিকারিক। এই বৈঠকেই স্থির হ্য যে দূরের জেলাগুলির মধ্যে সংযোগকারী ট্রেনগুলি চালু করা হবে ২রা ডিসেম্বর থেকেই। কাটোয়া-আজিমগঞ্জ, বর্ধমান-সাহেবগঞ্জ, আসানসোল-বর্ধমান, অন্ডাল-সাইথিয়া, মালদহ-সাহেবগঞ্জ, এইসমস্ত নন সুবার্বন শাখায় ট্রেন চলবে।
লকডাউনের জেরে প্রায় ৮মাস বন্ধ থাকার পর অবশেষে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু দূরের জেলাগুলির প্যাসেঞ্জার ট্রেন এখনও বন্ধ। এর জেরে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। অফিস কর্মী থেকে শুরু করে পড়ুয়া, ব্যবসায়ী, চাষি, সকলেরই দুর্ভোগ চরমে উঠেছে। কলকাতা থেকে রেলপথে বিচ্ছিন্ন হচ্ছেন বহু মানুষ। রাজ্যে লোকাল ট্রেন চালু করার পর প্যাসেঞ্জার ট্রেন চালানোর দাবীতে বেশ কিছু জায়গায় বিক্ষোভও দেখা দিয়েছে। এর জেরেই প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল।
তবে ২রা ডিসেম্বর থেকে পূর্ব রেল ট্রেন চালালেও, এখনই শুরু হচ্ছে না দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২রা ডিসেম্বর ট্রেন চালানো সম্ভব ন্য। রেক লিঙ্ক তৈরি, রেলবোর্ডের অনুমতি নিতে একটু সময় লাগবে।
এদিনের বৈঠকে রেলমন্ত্রী জানান, ২রা ডিসেম্বর থেকে মোট ২৭ জোড়া প্যাসেঞ্জার ট্রেন চলবে রাজ্যে। করোনার সমস্ত সুরক্ষাবিধি মেনেই চালানো হবে ট্রেন। এর ফলে সাধারণ মানুষও উপকৃত হবেন। তবে ট্রেনের সময়সূচী এখনও প্রকাশ করা হয়নি রেলের পক্ষ থেকে।





