তিনমাস পর জামিন পেলেন মাদককাণ্ডে জড়িত রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী

প্রায় তিনমাস পর মাদক কাণ্ডে জড়িত রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর জামিন মঞ্জুর হল। আজ মুম্বইয়ের এনডিপিএস আদালতে শর্তসাপেক্ষ জামিন পেলেন শৌভিক। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক যোগের তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর গত ৪ই সেপ্টেম্বর শৌভিককে গ্রেফতার করে এনসিবি। এতদিন তালোজা জেলেই ছিলেন তিনি।

এর আগেও একাধিকবার শৌভিকের জামিনের আবেদন করা হয়েছে, কিন্তু প্রত্যেকবারই তা নাকোচ হয়ে যায়। এমনকি, রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর হলেও শৌভিকের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারপতি সারাং কোতওয়াল। তাঁর দাবী ছিল, রিয়ার সঙ্গে মাদক কারবারিদের সরাসরি যোগ না থাকলেও, শৌভিক এই চক্রে জড়িত।

গত ৭ই নভেম্বর  ফের আরও একবার জামিনের আবেদন করেন শৌভিক। অবশেষে গ্রেফতারির পর তিনমাস পর আজ, বুধবার তার জামিন মঞ্জুর হয়। এনসিবির তরফে অভিযোগ উঠে যে সুশান্তকে মাদক লেনদেনে মদত দিতেন রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী।

গত ১৪ই জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। এরপরই এই মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। পরে তদন্তের দায়ভার সিবিআইয়ের হাতে গেলে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় রিয়া চক্রবর্তী ও শৌভিক চক্রবর্তীকে। এই সময় তাদের সঙ্গে মাদকযোগের ঘটনা সামনে আসে। রিয়ার ফ্ল্যাটে তল্লাশিও চালায় এনসিবি। এরপরই গ্রেফতার হন শৌভিক। তবে শৌভিকের জামিনে মোটেই খুশি নন নেট জনতা। অনেকেই এই প্রতিবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর একের পর এক তারকার নাম জড়িয়েছে এই মাদক মামলায়। এনসিবির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় দীপিকা পাডুকোন থেকে শুরু করে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুলপ্রীত সিংকেও। মাদক কাণ্ডের জন্যই এনসিবির প্রশ্নের মুখে পড়তে হয় অর্জুন রামপালকেও। কয়েকদিন আগেই বাড়িতে গাঁজা মজুত রাখার জন্য এনসিবি গ্রেফতার করে কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বচিয়াকে।

আরও অন্যান্য খবর