কেন্দ্র টাকা দেয় না। বঞ্চনা প্রতি মুহূর্তের সঙ্গী বাংলার। এই পরিস্থিতিতেও রাজ্যের জন্য কল্পতরুর মত কাজ করে চলেছেন তিনি। তার মত কাজ কেউ যদি করে দেখাতে পারে তাহলে স্বেচ্ছায় পদত্যাগ করবেন তিনি। বনগাঁয় গোপালনগরের সভা থেকে এই কথাগুলিই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের এত উন্নয়ন সত্ত্বেও যেভাবে তাঁকে নিত্য আক্রমণ করা হচ্ছে, তা নিয়েও হালকা অভিমান প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। বললেন,’আমাকে দুঃখ দিলে আমি অভিমানের করে সরে যেতে পারি। ১০ কোটির মধ্যে সাড়ে ৯ কোটি লোককে সুবিধা দিয়েছি।’
বিধানসভা ভোটের প্রাক্কালেও বাংলার সঙ্গে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ থেকে বিন্দুমাত্র সরলের না মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে এ দিন ফের বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন,’কেন্দ্রীয় সরকার এক টাকা দেয় না। বঞ্চনা চলছে। আর লাঞ্ছনা চলছে। ৮৫ হাজার কোটি টাকা পায় বাংলার সরকার। জিএসটি-র টাকাটা দিতে বলুন। এই টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। অনেক কষ্ট সহ্য করে সরকার চালাতে হচ্ছে।’
আজকে প্রতিটা বাক্যেই তাঁর রাজ্যবাসীর প্রতি অভিমান ফুটে বেরোয়। অভিমানের সুরে তৃণমূল নেত্রী বলেন,’যতটুকু সম্ভব এখান থেকে ওখান থেকে করে যতটা পারি চেষ্টা করি। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এই কাজ আমার জায়গায় একজন করতে পারলে একদিনের মধ্যে ইস্তফাপত্র পাঠিয়ে দেব। একজনও যদি করে দেখাতে পারে! কাজেই সব কিছু করুন আমাকে দুঃখ দেবেন না। আমাকে দুঃখ দিলে আমি অভিমানের সঙ্গে সরে যেতে পারি। মনে হতে পারে, আমার থাকাই উচিত নয়, এরা তো চায়ই না। ৮ বছরে আমি যা করেছি তার পৃথিবীর আর কোথাও কেউ করে দেখাতে পারবেন না।’





