আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে জসপ্রীত বুমরাহের উপর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে বেশ মিশ্র পারফর্ম করেছেন এই তারকা পেসার। কিন্তু টেস্ট ম্যাচে জ্বলে উঠতে পারেন বুমরাহ, এমনটাই মনে করছেন অনেকে। আর এবার বুমরাহকে সামলানোর জন্য এই পরিকল্পনার কথা বললেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের নবাগত সদস্য ক্যামেরন গ্রিন।
তরুণ এই অলরাউন্ডার বুমরাহকে নিয়ে বলেছেন, “ওনার মধ্যে অবশ্যই বিশ্বমানের প্রতিভা রয়েছে। ওনার একটি অভিনব বোলিং অ্যাকশন রয়েছে, তাই আমি কিছু সময় নেব ওনার বিরুদ্ধে মানিয়ে নিতে। আপনাকে আপনার খেলাটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে হবে। আপনাকে অনেক বেশি খাটতে হবে এবং আশা করা যায় বুমরাহের বিরুদ্ধে যত বেশি খেলব তত বেশি সহজ হয়ে যাবে খেলাটা। এটাই মানসিকতা হওয়া উচিত এবং এই মানসিকতাই আমি এবং দলের বাকিরা ওনার বিরুদ্ধে নেব। এটা সম্পূর্ণ নতুন ধরণের চ্যালেঞ্জ হবে।”
একাধিক বিশেষজ্ঞই মনে করছেন, প্রথম টেস্টে অস্ট্রেলিয়া দলের হয়ে অভিষেক করতে পারেন ক্যামেরন গ্রিন। গত প্রস্তুতি ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে শতরান করেছিলেন গ্রিন। চলতি শেফিল্ড শিল্ডে দুরন্ত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই পেসার অলরাউন্ডার।





