২০২১-এর নির্বাচন এগিয়ে আসার সঙ্গে ক্রমশই তৃণমূলের অন্দরে দ্বন্দ আরও গাঢ় হচ্ছে। একের পর এক নেতা, বিধায়কের গলায় চড়ছে নিজের দলকে নিয়ে ক্ষোভ। শুভেন্দু অধিকারী দলের বিরুদ্ধে সক্রিয় হওয়ার পরেই এই ক্ষোভের বহিঃপ্রকাশ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। শুভেন্দু যে গেরুয়া শিবিরেই নাম লেখাচ্ছেন, তা নিয়ে আর কোনও সন্দেহ থাকে না। এরই মাঝে শুভেন্দুর হয়ে মেজাজ হারালেন আরও তৃণমূল নেতা। শুভেন্দুর প্রতি দল অবিচার করেছে, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
ফের একবার ‘বেসুরো’ মন্তব্য শোনা গিয়েছে হাওড়ার প্রাক্তন মেয়র পারিষদ বাণী সিংহ রায়ের গলায়। তাঁর দাবী, শুভেন্দুর প্রতি অন্য্যায় করা হয়েছে। এই ইঙ্গিতই কী তাঁর দল ছাড়ার পথকে প্রশস্ত করবে, তা অবশ্য এখনও জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে বাণী সিংহ রায় বাংলার যুব সমাজের হতাশার কথা তুলে ধরেছেন। আক্ষেপের সুরে তাঁকে বলতে শোনা গিয়েছে, “শুভেন্দু অধিকারীর মতো জননায়ককে কেন দল ছাড়তে হল? কেন তাঁর মতো নেতার সঙ্গে অবিচার হল? এই মূল্যায়ন করা দরকার”।
এদিনের ভিডিওতে তিনি আরও বলেন, “বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে তাকে আশা দেবে, কে ভরসা জোগাবে। এমন কী কেউ আছে, যে বলবে আশা নয়, দুরাশা”। এদিনের ভিডিও বার্তায় বাণী সিংহ রায়ের মন্তব্যে ক্ষোভের ইঙ্গিত স্পষ্ট ছিল।
তিনি জানান, ৩০ বছরের বেশিব সময় ধরে তিনি রাজনীতি করছেন। আগে সিপিএম সরকারের মতো বলিষ্ঠ সরকারের সঙ্গে তিনি লড়াই চালিয়েছিলেন। তিনি এও জানান যে, দিন সাতেক আগেই শুভেন্দু তাঁর কাছে যান, তাঁর আশীর্বাদ নেন। তিনি যে শুভেন্দুকে শুধু আশীর্বাদ করেছেন তা নয়, শুভেন্দুর পাশে থাকার প্রতিশ্রুতিও জানিয়েছেন। তবে শুভেন্দু অধিকারী দল ছেড়ে দেওয়ায় তিনি যে বেশ দুঃখ পেয়েছেন, তা তাঁর বক্তব্যে স্পষ্ট।






