প্রতারণা যে এমনও হতে পারে তা কল্পনাতীত। কনের বাড়ির ঠিকানা হন্যে হয়ে খুঁজে খুঁজে হয়রান বর সহ বরযাত্রীরা অবশেষে ক্লান্ত হয়ে বিয়ে না করেই বাড়ি ফিরে গেলেন।
এইরকম অবিশ্বাস্য প্রতারণার ঘটনাই ঘটেছে উত্তর প্রদেশের মাউ এলাকায়।
বরের বাড়ির অভিযোগ, কনের আত্মীয়রা যে ঠিকানা দিয়েছিল তার অস্তিত্বই নেই, মেয়েটিও আদৌ আছে কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।ঘটনাটি ঘটেছে চলতি মাসের ১০ তারিখ।
শীতের রাতে বন্ধুবান্ধব নিয়ে শোভাযাত্রা করে উত্তরপ্রদেশের আজমগড় থেকে মাউ এসেছিলেন হবু বর। তারপর পুরো সন্ধ্যে জুড়ে গোটা শহর তস্য তস্য করে ঘুরেও কনের বাড়ি খুঁজে পেলেন না বরযাত্রী। যে ঠিকানা দেওয়া হয়েছে কনের বাড়ির তরফ থেকে এমন কোনও ঠিকানাই নাকি ওই শহরে নেই। শেষমেষ প্রবল ঠান্ডায় রেগেমেগে আজমগড় ফিরে যান তাঁরা।
বউ পালালো না লুকোলো সেটাই বুঝতে পারলেন না বরযাত্রীরা।
প্রসঙ্গত, বরের বাড়ি আজমগড়ের কোতয়ালি এলাকার কাঁসিরাম কলোনিতে। যে ঘটক মহিলা ওই মেয়েটির সম্বন্ধ এনেছিলেন তাঁকে যাচ্ছেতাই গাল দিয়েছেন তাঁরা। এমনকী গোটা শনিবার রাতটা আটকে রাখেন তাঁকে। খবর যায় থানাতেও। কিন্তু মুশকিল হল, বর বা তাঁর পরিবার, কেউ বিয়ের আগে একবারের জন্যও পাত্রীর বাড়ি যাননি। অথচ তথাকথিত কনে বিয়ের গোছগাছের কথা বলে তাঁদের কাছ থেকে কুড়িহাজার টাকা হাতিয়ে নেয়।
উল্লেখ্য, এই প্রথমই নয় এর আগের বিয়েতেও প্রতারণার শিকার হতে হয় পাত্রকে। ৪ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল বিহারের সমস্তিপুরে। বিয়ের কয়েক মাস পর বৌ বাপের বাড়ি যায়, আর ফিরে আসেনি। আর দ্বিতীয় বিয়েতে এই কান্ড।





