বুধবার রাজস্থানের সওয়াইমাধোপুর জেলার সুরওয়াল থানা এলাকায় ভারতের প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনের গাড়ি উল্টে যায়। যদিও গাড়ির সমস্ত লোক নিরাপদ আছে বলে জানা গেছে। পুলিশ কর্মকর্তা চন্দ্রভবন সিংহ জানিয়েছেন, প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন ও গাড়িতে থাকা অন্যরা জয়পুর থেকে সওয়াইমাধোপুর যাচ্ছিলেন তখন ফুল মহম্মদ মোড়ে তাদের গাড়িটি উল্টে যায়।
আশঙ্কা করা হচ্ছে, গাড়ির পিছনের টায়ার ফেটে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি উল্টে যাওয়ার পরে রাস্তার পাশে একটি হোটেলে প্রবেশ করেছিল। গাড়ির ধাক্কায় এক যুবক আহতও হয়েছেন। তিনি জানান, আজহারউদ্দিন সহ অন্যরা নিরাপদে এবং তাদের অন্য গাড়িতে করে সওয়াইমাধোপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় গাড়ি বাজে ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।
প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন বর্তমানে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। ১৯৮৫ সালে আজহারউদ্দিনের ক্রিকেটে আত্মপ্রকাশ। আজহার তার কেরিয়ারে এমন একটি রেকর্ডও তৈরি করেছিলেন যা আজ অবধি ভেঙে যায়নি। আজহারউদ্দিন হলেন বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি নিজের প্রথম তিনটি টেস্টে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছেন। আজহারের তৈরি এই রেকর্ডটি আজ অবধি কেউ ভাঙতে পারেনি।





