ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীর-লাদাখকে বাদ দিল WHO, এর পিছনে চীনের ইন্ধনের জল্পনা

এত বড় ভুল নাকি কারসাজি? ভারতের মানচিত্র থেকে জম্মু-কাশ্মীর ও লাদাখকেই বাদ দিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি, করোনার গ্রাফ বোঝাতে নানান দেশের সঙ্গে ভারতের মানচিত্রও প্রকাশ্যে আনে WHO। সেখানেই লাদাখ, জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানচিত্রের এই বিভ্রাট নিয়ে তুমুল চটেছেন ব্রিটেনের প্রবাসী ভারতীয়রা।

WHO-এর সঙ্গে যে চীনের একটা বেশ ভালো ঘনিষ্ঠতা রয়েছে, তা বারবার উঠে এসেছে নানান অভিযোগে। এবার এই মানচিত্র বিভ্রাট ঘটিয়ে সেই অভিযোগ একেবারে যেন পরিষ্কার হয়ে গেল। কোনও দেশের করোনা পরিস্থিতি কী রকম, তা বোঝাতে মানচিত্র ব্যবহার করে WHO। তাদের ওয়েবসাইটে ব্যবহৃত দুটি মানচিত্রেই এই একই ভুল ধরা পড়েছে। ভারতকে মানচিত্রতে গাঢ় নীল রং দিয়ে বোঝানো হয়েছে। কিন্তু জম্মু-কাশ্মীর ও লাদাখের অংশে করা হয়েছে ধূসর রং। অর্থাৎ সেই অংশ ভারতের মধ্যে পড়ে না, এমনটাই বোঝানো হয়েছে।

আবার অন্যদিকে, বিতর্কে থাকা আকসাই চীনকে ধূসর রঙের উপর নীল নীল ছোপ দিয়ে বোঝানো হয়েছে। এই একই চিহ্ন ব্যবহার করা হয়েছে চীনকে বোঝাতেও। অর্থাৎ, এই অংশটি চীনের, তাই-ই বোঝাতে চেয়েছে WHO। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনার পিছনে যে চীনের হাত রয়েছে, এমন আশঙ্কাই প্রকাশ করেছে ব্রিটেনের প্রবাসী ভারতীয়দের সংগঠন রিচ ইন্ডিয়া।

মানচিত্রে এত বড় ভুলের বিষয়টি প্রথম চোখে পড়ে ব্রিটেনে বসবাসকারী আইটি কর্মী পঙ্কজের। মানচিত্রের এই ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়। এই বিষয়ে তাঁর বক্তব্য, “WHO-এর মতো সংগঠনের কাছ থেকে এই ভুল আশা করা যায় না। এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ভারত রয়েছে, তাই এই কাজ করার আগে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল”। এরপর চীনের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি জানান যে চীন এই সংগঠনকে মোটা টাকা দেয়। পাকিস্তানও চীনের কাছ থেকে ঋণ পায়। এই মানচিত্র বিভ্রাটের পিছনে চীনের ইন্ধন রয়েছে বলে তাঁর ধারণা।

আরও অন্যান্য খবর