“বিজেপিতে আসার ব্যাপারে একে রাজীব, দু’ নম্বরে শতাব্দী রায়, তিন নম্বরে অপরূপা পোদ্দার” লিস্ট ধরালেন সৌমিত্র

তৃণমূলের লাইন ছেড়ে বেরোতে হবেই শতাব্দীকে! দিদি অভিনয় করে আপাতত আটকেছেন বলে দাবি বিজেপির সৌমিত্র’র l শতাব্দীর বিজেপিতে আসা এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের প্রতিবাদী হয়েও তৃণমূলে থেকে যাওয়া পুরোটাই দিদির নাটক বলে দাবি তাঁর।

এদিন নিজের বক্তব্যে সৌমিত্র খাঁ বলেন, “দিদি অভিনয় করে আপাতত শতাব্দী রায়কে আটকেছেন। তবে আমি জানি, ২-৪ দিনের জন্যই তাঁকে আটকানো হয়েছে। শতাব্দী রায় বিজেপিতেই আসবেন। কারণ, তিনি চাইছেন কিছু কাজ করতে। এতদিন কিছু করুন আর না করুন, বিজেপিতে এসে তিনি কিছু কাজ করতে চাইছেন।”

প্রসঙ্গত, আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে জোড় শ্রেণির মন্দিরে দলের কর্মীদের নিয়ে সাফাই অভিযানে যোগ দেন সৌমিত্র খাঁ। সেখানেই শতাব্দী রায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে এই দাবি করেন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ।

তবে শুধু শতাব্দী রায় নন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাদের বিজেপিতে যোগ দানের সম্পূর্ণ তালিকাও প্রকাশ করেন তিনি। বলেন, “বিজেপিতে আসার ব্যাপারে এক নম্বরে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।  দু’ নম্বরে শতাব্দী রায়। তিন নম্বরে রয়েছেন অপরূপা পোদ্দার। এছাড়াও আছেন প্রসুন বন্দ্যোপাধ্যায়। এরা সহ ৭ থেকে ৮ জন সাংসদ, বিধায়ক সকলেই চিন্তাভাবনা করে নিয়েছেন বিজেপিতে আসার ব্যাপারে। এখন শুধু সময়ের অপেক্ষা।”

আরও অন্যান্য খবর