ফের পুনরাবৃত্তি ঘটলো NRS এর ঘটনার। এবার এসএসকেএম হাসপাতালে রোগীর পরিবারের দ্বারা আক্রান্ত হলেন চিকিৎসক। আজ সকলে মহম্মদ সাকির নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। আক্রান্ত হন এক চিকিৎসক সহ কিছু নার্সরাও।
সূত্রের খবর গত ১৫ জুলাই কিডনির গুরুতর সমস্যা নিয়ে এসএসকেএম এ ভর্তি হয়েছিলেন বছর ৩০ এর যুবক মহম্মদ সাকির। ডায়ালিসিস চলছিল তাঁর। তবে ক্রমাগত অবনতি হয়েই চলেছিল তাঁর স্বাস্থ্যের। শেষে আজ ভোর বেলা সাকির তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করেন৷ এরপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকের ওপর চড়ও হন মৃত রোগীর ভাই মহম্মদ সাজিদ। এলোপাথাড়ি ভাবে চিকিৎসকে মারধর করতে থাকেন তিনি। আশেপাশে থাকা নার্সরা তাকে থামানোর চেষ্টা করলে তাদের ওপরও চড়াও হন পরিবারের অন্যান্য সদস্যরা। এমনকি হাসপাতালেও ভাঙচুর চালায় তারা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ডিসি সাউথ এবং ডিসি কম্ব্যাট। গ্রেফতার করা হয় মহম্মদ সাজিদকে। এছাড়াও আরেকজনকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই হাসপাতালের তরফে এফআইআর ও করা হয়েছে পুলিশ ফাঁড়িতে৷ তবে এই নিয়ে হাসপাতাল কর্তপক্ষের তরফে এখনও কেউ মুখ খোলেননি৷






