বোমা গুলির সংস্কৃতিই তৃণমূলের সংস্কৃতি, শাসকদলকে ‘গদ্দার’ বলে আক্রমণ দিলীপের

গতকাল, মঙ্গলবার দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিলের পাল্টা মিছিল করে তৃণমূল। তাদের এই ‘শান্তি মিছিল’-এ স্লোগান ওঠে,
“বাঙ্গালকে গদ্দারোকো, গোলি মারো শালো কো’। এই কথার মধ্যে দিয়ে যে শাসকদলকেই আক্রমণ করা হয়েছে, তা বেশ স্পষ্ট। তাদের এই মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

শাসকদলের এই স্লোগানেরই পাল্টা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলকে ‘গদ্দার’ বলে আক্রমণ শানালেন তিনি। আজ, বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এও বলেন যে ‘বোমা গুলির সংস্কৃতিই তৃণমূলের সংস্কৃতি’।

এদিন তিনি বলেন যে তাদের দলের একজন নেতা দেশের গদ্দারদের গুলি মারতে বলেছিলেন, তাই জন্য তাঁকে চরম হেনস্থা হতে হয়। তাঁর বিরুদ্ধে নানান সমালোচনা হয়। দিলীপবাবুর দাবী, যারা দেশের সঙ্গে গদ্দারি করে, বেইমানি করে, তাদের তো গুলি করেই মারা উচিত।

দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল বলছে বাঙ্গালকে গদ্দারোকো। কিন্তু বাংলার আসল গদ্দার কে? কে বাংলার সঙ্গে গদ্দারি করেছে? তৃণমূল গদ্দারি করেছে”। মানুষকে দেওয়া কথা তৃণমূল রাখেনি বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির। তিনি এও দাবী করেন যে শাসকদল সাধারণ মানুষের রেশন চুরি করেছে, ত্রিপল চুরি করেছে। বাংলায় গুলি বোমার সংস্কৃতিও যে তৃণমূলই এনেছে, এও দাবী করেন দিলীপবাবু।

শাসকদলের সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, “আজ পাড়ায় পাড়ায় বোমা চলছে, গুলি চলছে। তাদের বিধায়ক, চেয়ারম্যান মারা গেছে। কিচ্ছু করতে পারেনি তাঁরা। বোম গুলির সংস্কৃতিই তাদের সংস্কৃতি। মানুষ সব দেখছে। পশ্চিমবঙ্গের মানুষ এর থেকে মুক্তি চাইছে”।

RELATED Articles