পৃথিবীকে চূড়ান্ত ভাবে বিদায়ে জানিয়ে অবশেষে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে পারি দিলো ভারতের চন্দ্রযান – ২। গতকাল রাত ২.২১ মিনিট নাগাদই পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে রওনা হয় চন্দ্রযান – ২। আর এই বিষয়টি সফল ভাবে পরিচালনা করেন ইসরো এর বিজ্ঞানীরা।
গত মাসে শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ করা হয় চন্দ্রযান – ২ এর। আগামী সেপ্টেম্বর মাসে চাঁদের বুকে পৌঁছানোর কথা এই যানের।তার আগে উৎক্ষেপণের ২২ দিনের মাথাতেই পৃথিবীর কক্ষপথ থেকে বেড়িয়েই চাঁদের উদ্দেশ্যে সফলভাবে রওনা দিল চন্দ্রযান -২। চাঁদের কক্ষপথে এই যানের পৌঁছাতে আরও ৬ দিন সময় লাগবে বলে ইসরো সূত্রে খবর।
একবার চাঁদের কক্ষপথে ঢুকে পরার পর চাঁদের ১০০ কিলোমিটার ওপর দিয়ে চাঁদের চারদিকে ঘুরবে চন্দ্রযান ২। সেখান থেকে পরবর্তীতে বিক্রম ল্যান্ডার পৃথক হয়ে নেমে আসবে চাঁদের বুকে। আর এই চাঁদের বুকে নেমে আসাটাই সবচেয়ে জটিল প্রক্রিয়া বলে জানিয়েছেন ইসরো বিজ্ঞানীরা।






