আজ দেশের ৭৩ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় তেরঙ্গা উত্তোলনের জন্য পৌঁছান নরেন্দ্র মোদী। সেখানে জাতীয় পতাকা উত্তোলন শেষে তিনি ভাষণ রাখেন জাতীর উদ্দেশ্যে। সেখানেই তিনি ওঠান “এক দেশ, এক নির্বাচন” প্রসঙ্গটি।
এদিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে, দেশের উন্নতির জন্য “এক দেশ, এক নির্বাচন” প্রয়োজন৷ দেশে যে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে তা নিয়েও আশাবাদী নরেন্দ্র মোদী।
গতবছর আগস্টে ল কমিশন লোকসভা এবং বিধানসভা ভোট একসঙ্গে করার প্রস্তাব দেয়। এরফলে অর্থ সাশ্রয় হবে বলে জানান তারা। তবে সংবিধানের বর্তমান ফ্রেমওয়ার্কের মধ্যে যে তা সম্ভব সেটিও জানানো হয় কমিশনের তরফে। বেশ কিছুদিন ধরেই “এক দেশ, এক নির্বাচন” চালুর কথা ভাবছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য যে, এই প্রক্রিয়া চালু হলে অর্থ সাশ্রয় যেমন হবে তেমনি বারবার ভোটের জন্য যে উন্নয়নমূলক কাজ বন্ধ রাখতে হয় সেই সমস্যাও দূর হবে।






