উলুবেড়িয়ায় স্থগিত অমিত শাহ’র পদযাত্রা! পরিবর্তে বেলুড়মঠে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

৩১শে জানুয়ারি রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হাওড়ার উলুবেরিয়ায় রোড শো করার কথা ছিল তাঁর। কিন্তু সেই পূর্ব নির্ধারিত কর্মসূচিকে স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে জানা যাচ্ছে  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ বেলুর মঠ যেতে পারেন। একইসঙ্গে উলুবেড়িয়া খলিশানিতে দলীয় এক সমর্থকের বাড়িতে মধ্যাহ্নভোজ করার কথা ছিল তাঁর।

এই প্রসঙ্গে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানিয়েছেন, “আপাতত এই কর্মসূচি স্থগিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের ক্ষেত্রে এরকম পরিবর্তন আগেও হয়েছে, আমরা দেখেছি। এখন নয়, তবে পরে হবে। সেই তারিখ জানিয়ে দেওয়া হবে। নিশ্চিতভাবেই পরবর্তীতে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী।”

এক‌ইসঙ্গে, বেলুড় মঠে অমিত শাহের যাওয়ার সম্ভাবনার প্রসঙ্গে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সঞ্জয় সিং বলেন, “শুনেছি উলুবেড়িয়ার কর্মসূচি বাতিল হয়েছে। শুনছি, উনি বেলুড় মঠ যাবেন। তবে সিডিউল এখনও চূড়ান্ত নয়। আর সরকারিভাবে আমাদের কাছে এখনও সেই খবর নেই।”

প্রসঙ্গত উল্লেখ্য, আপাত প্রাপ্ত খবর অনুযায়ী ৩১শে জানুয়ারি রাজ্য সফরে এসে হাওড়ার ডুমুরজলা ময়দানে প্রথমে জনসভা করবেন অমিত শাহ । ডুমুরজলায় সভা উপলক্ষে এখন যুদ্ধকালীন তৎপরতায় চলছে বিশাল মঞ্চ তৈরির কাজ।  সভায় আগত কর্মী সমর্থকদের জন্য থাকছে ৪টি এন্ট্রি পয়েন্ট। প্রয়োজনে দুটো মঞ্চও তৈরি করা হতে পারে।

আরও অন্যান্য খবর