এই বছরের শীতকে বোঝা একটু দায় হয়ে গেছে। চলতি মাসেই চালাতে হয়েছে ফ্যান এখন আবার টানতে হচ্ছে লেপ।
গতকাল পারদ তিন ডিগ্রি চড়ার পর আজ একধাক্কায় ৩ ডিগ্রি নেমে গেল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
একই সঙ্গে বাতাসে এখনও হিমের পরশ। সকাল ও রাতে বেশ শীত শীত ভাব। লেপ মুড়ি দেওয়া শীতের আমেজ এখনও ফুরোয়নি।
শনিবার একধাক্কায় পারদ চড়েছিল প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
তবে আজ ফের বাংলাজুড়ে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। উত্তরবঙ্গে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা নেই বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বুধবার পর্যন্ত শীতের এই আমেজ বজায় থাকবে। ঘন কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর , জলপাইগুড়ি, কোচবিহারে। এদিকে শনিবার দুপুরে সান্দাকফুর উচ্চ পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হয়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়ে জানিয়েছিল, রবিবার থেকে ফের নামতে পারে তাপমাত্রা। সেই মতো, এদিন তিন ডিগ্রি নামে পারদ। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে বুধবার পর্যন্ত।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ হালকা শীতের আমেজেই কাটবে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের। শনিবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল উত্তরবঙ্গ। আগামী ২৪ ঘণ্টা একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।






