কোন্নগরে সৌমিত্র খাঁ-র বাইক মিছিলে কালো পতাকা, আটকানো হল মিছিল, রাজনৈতিক বিবাদের জেরে উত্তপ্ত এলাকা

বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র বাইক মিছিলকে ঘিরে হুগলির কোন্নগরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল। তৃণমূল-বিজেপির দ্বিপাক্ষিক বিবাদের জেরে উত্তেজনা ছড়াল এলাকায়। দু’পক্ষের স্লোগানেই তোলপাড় এলালা। সৌমিত্রর বাইক মিছিলে তৃণমূলের তরফে দেখানো হয় কালো পতাকা। বাইক মিছিল আটকে দেয় পুলিশ। এই নিয়ে আরও বেশি উত্তেজনা ছড়ায়।

এদিন কোন্নগরের জোড়াপুকুর থেকে হুগলির চাঁপাদানি পর্যন্ত একটি বাইক মিছিলের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। কিন্তু মিছিলের আগেই জোড়াপুকুর এলাকায় কালো পতাকা টাঙিয়ে দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। বিজেপি নেতাদের ছবিতে কালো কালি লেপে দেওয়ারও অভিযোগ ওঠে।

এছাড়াও সৌমিত্রর স্ত্রী ছেড়ে চলে যাওয়া নিয়েও ব্যঙ্গ করে গান বাজায় তৃণমূল। এই নিয়েই দুপক্ষের বিবাদ চরমে ওঠে। স্লোগান, পাল্টা স্লোগানে গোটা এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপের কারণে দু’তরফের সংঘাত আটকানো সম্ভব হয় বলে জানা গিয়েছে।

তবে বিজেপির তরফে অভিযোগ বাইক ও গাড়ি নিয়ে মিছিল কিছুটা এগোতেই, মিছিলে বাধার সৃষ্টি করে পুলিশ। কোন্নগরের ভারত পেট্রোল পাম্পের মোড়ে সৌমিত্রর বাইক মিছিল আটকায় পুলিশ। পুলিশের তরফে জানানো হয় যে বাইক নিয়ে মিছিল করা যাবে না। নির্বাচন কমিশন থেকে এমনটাই নির্দেশ জারি করা হয়েছে বলে জানান তাঁরা। গাড়ি থেকে সৌমিত্র বাইক মিছিলকে রাস্তা ছাড়তে বললেও তাতে আমল দেয় না পুলিশ।

এর জেরে ফের একচোট সংঘাত বাঁধে। এই কারণে শেষ পর্যন্ত ওই এলাকায় বাইক রেখেই গাড়িতে চড়েই এগিয়ে যায় বিজেপি সমর্থকরা। এই বিষয়ে এলাকার বিজেপি নেতা শ্যামল বোস জানান যে পুলিশ বাইক মিছিল আটকেছে। তাই পায়ে হেঁটেই মিছিল হবে। এদিন মিছিল আটকে যাওয়ায় জি টি রোডে যানজটের সৃষ্টি হয়।

আরও অন্যান্য খবর