WB Election 2021: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ গেরুয়া শিবিরের! অমিত শাহ্’র হাত ধরে আজই বিজেপিতে হিরো হিরণ

গতকাল রাতেই রাজ্যে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সারাদিন বেশ কিছু কর্মসূচী রয়েছে তাঁর। এদিন সকালেই নিউটাউনে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন শাহ। এরপর যাবেন গঙ্গাসাগরে। সেখানে কপিল মুনির আশ্রমে পুজোও দেবেন তিনি।

সেখান থেকে যাবেন নামখানায়। সেখানে বিজেপির পরিবর্তন রথযাত্রার সূচনা করবেন তিনি। এরপর মধ্যাহ্নভোজন সারবেন নারায়ণপুরের এক উদ্বাস্তু পরিবারে। সেখান থেকে কাকদ্বীপে পৌঁছে শ্মশানকালী মন্দিরে পুজো দিয়ে একটি রোড শো করবেন শাহ। এরপর ফিরবেন কলকাতায়।

সূত্রের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আজই গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ। এদিন অমিত শাহ্‌’র সভাতে তাঁর হাত ধরেই পদ্ম শিবিরে পা রাখবেন  তিনি। কিছুদিন আগেই তৃণমূল ছেড়েছেন তিনি। দল ছাড়ার পর দলের উপর ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, “বাংলা থেকে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ফেরাতে চাই। বাংলায় কর্মসংস্থান নেই। বাংলার যুবকরা বাইরে চলে যাচ্ছে। তাদের ফেরাতে হবে। ২০১৪-তে সেই স্বপ্ন নিয়েই একটা দলে যোগ দিয়েছিলাম, ভেবেছিলাম অনেক কিছু হবে। কিন্তু রাস্তায় শুধু নীল-সাদা রং ছাড়া আর কিছুই হয়নি”।

গতকালই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত-সহ আরও একঝাঁক অভিনেতা। এরপর আজ ফের গেরুয়া শিবিরে যাচ্ছেন হিরণ।

আরও অন্যান্য খবর