কৃষকদের ‘রেল রোকো’ কর্মসূচি রুখতে তৎপর কেন্দ্র, বাংলা সহ চার রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা

কেন্দ্র সরকারের বিতর্কিত কৃষি আইন নিয়ে দেশের কৃষকদের আন্দোলন অব্যাহত। সেই আন্দোলনের রেষেই ‘‌রেল রোকো’‌ কর্মসূচির ঘোষণা করেছিল বিক্ষোভকারী কৃষক সংগঠনগুলি। বৃহস্পতিবার দেশজুড়ে চার ঘণ্টা ব্যাপী ‘‌রেল রোকো’‌ আন্দোলনের ডাক দিয়েছে তারা। তবে আন্দোলনকারীদের বিক্ষোভ রুখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। হাল ছাড়তে রাজি নয় প্রশাসন। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের রেলপথে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করছে রেল।

বঙ্গে মোতায়েন করা হচ্ছে ২০টি অতিরিক্ত কোম্পানি আরপিএফ, থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনীও। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রকের এক মুখপাত্র। তিনি বলেন, “যাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সে জন্য আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে সকলকে শান্তি বজায় রাখার আবেদন করছি।” জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখাবেন কৃষকরা।

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে চলতি মাসের শুরুতেই তিন ঘন্টা সড়ক অবরোধের কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারী কৃষকরা। এছাড়াও গত সপ্তাহে সংসদে রেলমন্ত্রকের তরফে জানানো হয়, কৃষকদের এই আন্দোলন বিক্ষোভের জেরে ২০২০–২১ সালের অর্থবর্ষে ১৪৬২.‌৪৫ কোটি টাকার লোকসান হয়েছে সরকারের। কৃষক বিক্ষোভের ফলে ২২২৫টির বেশি মালবাহী ট্রেন এবং প্রায় ১৩৫০টি যাত্রীবাহী ট্রেন স্থগিত করা হয় বা বাতিল করতে হয়।

RELATED Articles