কেরলের মেট্রোম্যান ই শ্রীধরন যোগ দিচ্ছেন বিজেপিতে, এই খবর ঘিরে কাল থেকেই সরগরম রাজনীতি। জানা গিয়েছিল বাম দুর্গ কেরল দখল করার জন্য সকলের অত্যন্ত প্রিয় শ্রীধরনকেই মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির। যা সত্যি হলে বেশ চাপে পড়বে লাল শিবির, এ নিয়ে কোনো দ্বিমত নেই রাজনৈতিক বিশ্লেষকদের।
আরও পড়ুন – এইদিনেই রাজ্যে হবে ভোটের দিনক্ষণ ঘোষণা!
যাকে নিয়ে এত হইচই সেই দেশের অন্যতম সেরা প্রযুক্তিবিদ ই শ্রীধরন কী জানালেন আসুন জেনে নেওয়া যাক। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, যদি বিজেপি কেরলে জেতে , তাহলে তিনি মুখ্যমন্ত্রিত্বের জন্য রাজি আছেন। আর এই বক্তব্য শুনেই হৃদকম্পন শুরু হয়েছে লালদুর্গে।
এছাড়াও মেট্রোম্যান এইদিন জানিয়েছেন যে, বিজেপিতে তিনি হঠাৎ করে যোগদান করেননি। দীর্ঘদিন ধরে বিবেচনা করেই তিনি গেরুয়া শিবিরে যোগদান করেছেন।গত কয়েক বছর ধরে তিনি কেরলে রয়েছেন এবং তিনি এই রাজ্যের জন্য ভালো কাজ করতে চান সেই জন্যেই তার বিজেপিতে আসা। বর্তমানে তাঁর কাছে কেরলে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর প্রস্তাব রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
এবার শ্রীধরনের পদক্ষেপ নিয়ে চিন্তায় পড়েছে বাম শিবির। গোটা ভারতে ধুয়ে মুছে সাফ হয়ে গেলেও কেরলে নিজের দুর্গ এখনও অটুট রেখেছে সিপিএম। কিন্তু শ্রীধরন বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে তার জয় একপ্রকার নিশ্চিত। এছাড়াও ২০২১- এর কেরল বিধানসভা নির্বাচনে তিনি মনে করছেন যে বিজেপির হয়ে জনসমর্থনের জোয়ার আসবে।
বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত বামেদের থেকে মানুষ সমর্থন তুলে নেবে যদিও সিপিএমে এই কথা মানতে নারাজ। সব মিলিয়ে কেরলের রাজনৈতিক পরিস্থিতি এখন বেশ গোলমেলে, যা হবে তা সময়ই বলবে।






