বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের সঙ্গ ছেড়েছিলেন রাজ্যের বনমন্ত্রী ও তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরও একাধিকবার নিজের কেন্দ্র ডোমজুড়ে গিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে এদিন রাজীবকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানালো তৃণমূল।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এদিন তাঁর ডোমজুড়ে পাকুড়িয়ায় থাকা বিধায়কের কার্যালয়টি দখল করে নেয়। তারপর সেখানে চলে শুদ্ধিকরণ। এদিন বিধায়কের কার্যালটি দখলে আনার পরে শুদ্ধিকরণ করে তৃণমূল। গঙ্গা জল দিয়ে ধোয়া-মোছার কাজ চলে বেশ কিছুক্ষণ।
তৃণমূল নেতৃত্ব দাবি করে জানিয়েছে বিশ্বাসঘাতকতার কারণে এই আসন থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রচুর ভোটে হারবেন। আর বিধায়কের কার্যালয়টিকে তৃণমূলের তরফে এই কেন্দ্রের নির্বাচনী কার্যালয় করা হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- BIG NEWS: হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!
এই ঘটনার প্রতিবাদ করে বিজেপি। বিধায়কের অফিস ঘর দখল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দখলদারির রাজনীতির অভিযোগ করেছে তারা। স্থানীয় বিজেপি নেতৃত্বের প্রশ্ন, অফিসটি যদি রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিজেস্ব হয়, তাহলে তৃণমূল সেটা দখল করে কী করে?
প্রসঙ্গত উল্লেখ্য, যে বাড়িটিতে রাজীব বন্দ্যোপাধ্যায় বিধায়কের অফিস খুলেছিলেন, তার মালিক আবার তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। সেই মালিকের অভিযোগ, বিধায়ক এবং মন্ত্রীর অফিস তৈরি করা হলেও তাঁকে মাত্র তিনমাসের ভাড়া দেওয়া হয়েছিল। বছরের পর বছর ধরে বাড়ির একতলা দখল হয়ে পড়ে থাকলেও ভাড়া মেটানো হয়নি বলে অভিযোগ করেছেন মন্টু সাঁতরা নামে ওই নেতা। রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।






