WB Election 2021: ৭ই বিজেপির ব্রিগেড মঞ্চে সৌরভ! মোদীর হাত ধরেই কী তবে গেরুয়া শিবিরে পদার্পণ মহারাজের?

বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে। গত সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আর মাত্র ২৬ দিন বাকী। এরই মধ্যে কানাঘুষো শোনা যাচ্ছে একটি খবর। আগামী ৭ই মার্চ ব্রিগেডে সমাবেশ রয়েছে বিজেপির। এবারের ব্রিগেডে এক নতুন মুখ দেখা যেতে পারে মঞ্চে। শোনা যাচ্ছে, এদিনের ব্রিগেডে যোগ দিতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ভোটের আগেই রাজ্য রাজনীতিতে লেগেছে দলবদলের পালা। বেশকিছু তারকা যেমন নতুনভাবে নানান রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তেমনই আবার অনেক তারকা পুরনো দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন। সৌরভ ব্রিগেডে যোগ দিচ্ছেন, একথা শোনা যেতেই এবার রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তবে কী সেদিনই বিজেপিতে যোগ দেবেন মহারাজ? এদিনের ব্রিগেডে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই অনেকেরই ধারণা, দাদা হয়ত মোদীর হাত থেকেই গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন।

আরও পড়ুন- হঠাৎই ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, ফের সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল!!!

সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে নানা মুনির নানা মত। বেশ কয়েকমাস ধরেই গুঞ্জন উঠেছে যে সৌরভ বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু এ বিষয়ে খোলসা করে কিছুই বলেননি সৌরভ বা বিজেপি নেতৃত্বের কেউই। এদিকে, গত বুধবার, আহমেদাবাদের মোতেরাতে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র ভূয়সী প্রশংসা করে একটি টুইট করেন সৌরভ। এও জানান দেন যে এই মহান একটি দিনের এই অনুষ্ঠানে তিনি শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও দ্বিতীয় পিঙ্ক বল টেস্টে সঞ্চালক হিসেবে তিনি অংশ নেওয়ার চেষ্টা করবেন।

আরও পড়ুন- মালদার সভায় চেনা ছকেই যোগী, বক্তব্যে উঠে এল লাভ জিহাদ, গো-হত্যা, দুর্গাপুজো, তৃণমূলের তোষণনীতির কথা

এছাড়াও, গত বছরের শেষের দিকেই দিল্লিতে অমিত শাহ্‌’র সঙ্গে একই মঞ্চে দেখা যায় সৌরভকে। কিন্তু এরপর তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে ভাঁটা পড়ে। একসময় এও গুঞ্জন ওঠে যে সৌরভ বিজেপিতে যোগ দেবেন এবং তিনিই হবেন বিজেপির তরফে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর মুখ। এমনিও অমিত শাহ বলেই দিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী হবে বাংলারই কোনও ভূমিপুত্র। তবে সৌরভ বিজেপিতে যোগ দিলে বিধানসভার ‘খেলা’ যে অন্য মোড় নেবে, তা বলাই বাহুল্য। সৌরভই কী বাংলার সেই ভূমিপুত্র বা তিনি আদৌ রাজনীতিতে যোগ দেবেন কী না, তা তো সময়ই বলবে।

আরও অন্যান্য খবর