করোনা পরবর্তী সময়ে প্রথম বিদেশ যাত্রায় দুদিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। মোদীর এই সফরের প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় নমাজের পর মসজিদ থেকে বেরিয়ে পুলিশের উপর হামলা চালায় মৌলবাদী সংগঠন হেফাজতের ইসলামের সদস্যরা। মৌলবাদীরা রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করতে থাকে। তখনই বাধা দেয় পুলিশ। এর পরই ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে হেফাজতদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে তারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশও কাঁদানে গ্যাস ছোঁড়ে। প্রধানমন্ত্রী মোদীর সফর ঘিরে দেশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল, তাও আটকানো গেল না হামলা। শুধু এই ঘটনাই নয়, বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের হাটহাজারিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে হেফাজতে ইসলামের চার নেতাকর্মী নিহত হয়েছে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ আট-নয় জনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। হেফাজত ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের পর হাটহাজারি থানা, ভূমি অফিস, ডাকবাংলো সহ বিভিন্ন সরকারি অফিসে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে মৃত চারজন হল কুমিল্লার মহম্মদ রবিউল ইসলাম, মাদারীপুরের মহম্মদ মেহরাজুল ইসলাম, ময়মনসিংহের মহম্মদ আবদুল্লা মিজান এবং হাটহাজারির মহম্মদ জসিম। বলা বাহুল্য, মোদীর এই সফরের ফলে পশ্চিমবঙ্গের মতুয়া ভোট ব্যাংক আসন্ন নির্বাচনে সুনিশ্চিত করার রাজনৈতিক অভিসন্ধিও এড়িয়ে যাওয়ার নয়। কারণ সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ মার্চ শনিবার প্রধানমন্ত্রী যাবেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ও কাশিয়ানি উপজেলার ওড়াকান্দি মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে। আবার ওই একই দিনে সাতক্ষীরার শ্যামনগর যশোরেশ্বরী মন্দিরে পূজো দেবেন তিনি। তাই বাংলাদেশ থেকে হিন্দুত্বের বার্তা দেওয়া ও পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের মানুষের সেন্টিমেন্টকে নাড়িয়ে দেওয়ার লক্ষ্য নরেন্দ্র মোদীর।






