প্রথমা স্ত্রী প্রয়াত হয়েছে আর তাই দ্বিতীয়বার বিয়ে করার জন্য এক ১৭ বছরের নাবালিকাকেই ঘরে তুলে নিয়ে চলে এলেন ৬৫ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার বনিজের হাট এলাকায়৷ অভিযুক্ত বৃদ্ধের নাম ময়দান আলি৷
Check out best Bengal Football website
বিয়ের জন্য নাবালিকাকে তুলে আনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে সেই বৃদ্ধকে। জানা যায় বিয়ের জন্য উত্তর দিনাজপুরের চোপড়া থেকে একজন ১৭ বছরের নাবালিকাকে বাড়িতে নিয়ে আসেন বনিজের হাটের এক ক্ষুদ্র চা বাগানের মালিক ময়দান আলি৷ ঘটনাটি আশেপাশে ছড়িয়ে পরতেই স্থানীয়রা পুলিশে খবর দেন৷ স্থনীয়দের অভিযোগেই রবিবার ময়দানে বাড়িতে পৌঁছায় পুলিশ।
সেখানে ৬৫ বছরের বৃদ্ধ আটক করে জিজ্ঞাসাবাদ করতে অবশ্য ময়দান আলির গলায় শোনা যায় অন্য সুর৷ তার বক্তব্য, প্রথমা স্ত্রী প্রয়াত। দুই ছেলের কেউই তাকে দেখেনা৷ এমতাবস্থায় নিজের জন্য রান্না সহ অন্যান্য কাজ করতে হয় তাকেই। আর তাই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন তিনি৷ এরপরই তিনি চোপড়ার এক ৩৬ বছরের মহিলার পরিবারের সঙ্গে কথা বলেন। কিন্তু বিয়ের জন্য যখন তিনি চোপড়া পৌঁছান তখন নাকী তার সামনে হাজির করা হয় এই ১৭ বছর বয়সী নাবালিকা। উপায় না দেখে তাই এই নাবালিকাকেই ঘরে নিয়ে আসেন তিনি৷
ময়দান আলি এই ঘটনা শোনালেও পুলিশ দুজনকেই থানায় নিয়ে যায় আরও জিজ্ঞাসাবাদের জন্য। সঙ্গে খবর দেওয়া হয় চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকেও। তাদেরও বলা হয় সেই নাবালিকার সঙ্গে কথা বলে ঘটনাটির তদন্ত করার৷





