এবার পালা অনুব্রতর, বেনামী সম্পত্তির দায়ে এবার ‘কেষ্ট’কে নোটিশ পাঠাল আয়কর দফতর

তাঁর উপর বিপদ যেন লেগেই রয়েছে। এর আগে বিতর্কমূলক মন্তব্য করার জেরে নির্বাচন কমিশনের শো-কজের মুখে পড়েছিলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এবার তাঁর সম্পত্তি ও আয়-ব্যয়ের হিসাব চেয়ে তাঁকে নোটিশ পাঠাল আয়কর দফতর। জানা গিয়েছে, অনুব্রতর আয়-ব্যয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সম্পত্তি ও নানান নথিও তলব করা হয়েছে।

তবে শুধু অনুব্রতই নয়, তাঁর চার আত্মীয়কেও নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই তাদের যাবতীয় তথ্য আয়কর দফতরের আছে জমা করতে হবে, এমনটাই বলা হয়েছে নোটিশে।

আরও পড়ুন- খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিচ্ছেন ৪০-৫০ জন বিধায়ক

আয়কর দফতর সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের হিসাব বহির্ভূত অনেক সম্পত্তি রয়েছে। নিজের জেলা বীরভূম ছাড়াও, আসানসোল, বাঁকুড়া, ও পুরুলিয়াতেও অনুব্রত মণ্ডলের নামে বেনামী সম্পত্তি রয়েচে। সেই তথ্য পেয়েই অনুব্রত মণ্ডলের চার আত্মীয়কেও তলব করেছে আয়কর দফতর।

উল্লেখ্য, শেষ দফা অর্থাৎ আগামী ২৯শে এপ্রিল বীরভূমের সবকটি আসনে ভোট। আর অনুব্রত মণ্ডলকে সম্পত্তির হিসাব দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে ৩০শে এপ্রিল পর্যন্ত। আয়কর দফতর সূত্রের খবর, বেনামে অনেক সম্পত্তি রয়েছে অনুব্রতর। তাঁর কাছে যে পরিমাণ নগদ টাকা রয়েছে, সেটাও নেহাতই কম নয়। তাঁর আয়ের সঙ্গে সঙ্গতি রেখেই কী এই সম্পত্তি, তা জানতে চায় আয়কর দফতর। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি অনুব্রত মণ্ডলের।

আরও অন্যান্য খবর