রাজনৈতিক হিংসা! পাণ্ডবেশ্বরে উদ্ধার বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ

করোনা আবহেও রাজনৈতিক হিংসা যেন‌ও থামার নয়। ‌ সপ্তম দফা ভোটের আগে পাণ্ডবেশ্বরে উদ্ধার হল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। জামুরিয়া ২ নম্বর ব্লকের আলিনগর গ্রামের কাছে শুক্রবার সকালে একটি নির্জন জায়গায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই যুবকের মৃতদেহ। নাম কিরাঞ্জন ঘোষ(৩২)। স্থানীয় আলিনগর গ্রামের বাসিন্দা।‌‌

এর আগেও ভোট পূর্ববর্তী এবং ভোট চলাকালীন অবস্থায় বেশ কয়েকবার বিজেপি কর্মীদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। প্রত্যেকবারই বিজেপি শিবির অভিযোগের দায় চাপিয়েছে তৃণমূলের উপর।

এই ক্ষেত্রেও বিজেপি নেতৃত্বের অভিযোগ ভোটের মুখে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে, এলাকায় আতঙ্ক তৈরি করার জন্যই এই গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ মানতে চাননি। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।

আরও পড়ুন- খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিচ্ছেন ৪০-৫০ জন বিধায়ক

এদিন দেহ নামাতেও বাধা দেন বিজেপি কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ,গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ। প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এটা কোনওভাবেই মানা যায় না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সরব বিজেপির নেতা কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবারও দলের নানা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। মৃতের পরিবারের দাবি, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত কিরাঞ্জন বাড়ি ফেরেননি। এরপরই এদিন সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

এই ঘটনার খবর পেয়ে এলাকায় যান বিজেপি প্রার্থী তাপস রায়। তিনি বলেন, যেভাবে গাছে ঝুলন্ত অবস্থায় দেহটি পাওয়া গিয়েছে তাতে আমাদের সন্দেহ তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এভাবে খুনের রাজনীতি করা ঠিক নয়। ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার দাবিতে সরব হন তিনি।

RELATED Articles