করোনা ত্রাতা! স্বল্পমূল্যে করোনা টেস্ট করানোর উদ্যোগ নিল বেলুড় রামকৃষ্ণ মিশন

দিকে দিকে করোনা যেভাবে ছেয়ে ফেলেছে তাতে রীতিমতো আতঙ্কিত সাধারণ মানুষ।এখন সামান্য জ্বর সর্দি কাশিতে ডাক্তাররা সাধারণ মানুষকে করোনা পরীক্ষা করানোর নিদান দিচ্ছেন।

কিন্তু মানুষ এই মুহূর্তে করোনা টেস্ট করানোর জন্য ল্যাব পেতেই হয়রান হয়ে পড়ছে। সরকারি হাসপাতালে লম্বা লাইন দিয়ে রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে করোনা টেস্ট করানো অধিকাংশ মানুষের পক্ষেই সম্ভব নয়।আবার বেসরকারি কিছু ল্যাব এত পরিমাণে টাকা চাইছেন যে সাধারণ মানুষ ভেবে কুল পাচ্ছেন না কোথা থেকে টাকা দেবেন তারা।

এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিল বেলুড় রামকৃষ্ণ মিশন। বরাবরই সাধারণ মানুষের ত্রাতা হিসেবে এগিয়ে এসেছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা, এবারও তার অন্যথা হলো না।

বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষন মন্দির সূত্রে জানা গিয়েছে তারা একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে rt-pcr টেস্ট করানো শুরু করতে চলেছেন।

আগামী সোমবার থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। বেসরকারি প্রতিষ্ঠানটি টেস্ট পিছু ৮০০ টাকা করে নেবে, এরমধ্যে ৩০০ থেকে ৩৫০ টাকা মানুষ দেবেন এবং বাকি টাকা ভর্তুকি হিসাবে রামকৃষ্ণ মিশনে দেবে‌।

বেলুড় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ স্বামী দিব্যগুণানন্দজী মহারাজ বলেন, ‘‘আগামী সোমবার থেকে প্রথমে সপ্তাহে দু’দিন এই পরিষেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তীকালে তা বাড়িয়ে সপ্তাহে ৪ দিন করা হবে। প্রথমে ৫০-৭০ জন মানুষ পরীক্ষা করাতে পারবেন। পরবর্তী পর্যায়ে তা বাড়িয়ে ১০০ জনের পরীক্ষার ব্যবস্থা করা হবে।”

RELATED Articles