শেষরক্ষা হল না, করোনা মুক্ত হয়েও অকালে চলে গেলেন গায়ক অরিজিৎ সিং-এর মা

গভীর শোকে অরিজিৎ সিং-এর পরিবার। নিজের সবথেকে প্রিয় মানুষ, নিজের মা-কে হারালেন অরিজিৎ। জানা গিয়েছে, গতকাল, বুধবার রাত এগারোটা নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

চলতি মাসের শুরুর দিকেই অসুস্থ হয়ে পড়েন অদিতি সিং। প্রথমে তাঁকে ভর্তি করা হয় বহরমপুর মাতৃসদনে। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

করোনা আক্রান্ত ছিলেন তিনি। দরকার পড়ে এ নেগেটিভ রক্তের। এরপর সাধারণ মানুষ থেকে শুরু করে নানান খ্যাতনামা ব্যক্তিদের সহায়তায় রক্ত জোগাড় হয় তাঁর। একমো সাপোর্টে ছিলেন তিনি। তবে ধীরে ধীরে সুস্থ হয়েও উঠছিলেন। গত ১৭ই মে তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হল না। শোকের ছায়া নেমে এল গায়কের পরিবারে। সূত্রের খবর অনুযায়ী, ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে অরিজিৎ সিং-এর মায়ের।

আরও অন্যান্য খবর