টিকাকরণে বড় বদল! এবার পেশার ভিত্তিতে টিকা দেবে রাজ্য, দেখে নিন আপনি কবে পাবেন

বদলে গেল টিকাকরণের নিয়ম। আগামীকাল, শুক্রবার থেকে পেশার নিরিখে সুপার স্প্রেডার চিহ্নিত করা হবে। এরপর সেই অনুযায়ীই হবে টিকাকরণ। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এরই সঙ্গে বদলে গেল করোনার ফ্রন্ট লাইন ওয়ার্কার্সদের সংজ্ঞাও। টিকা জোগানের ভিত্তিতে এবার টিকাকরণ কর্মসূচীকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রের খবর, আগামী শুক্রবার থেকেই টিকাকরণে আসছে বড়সড় বদল, সেগুলো কী কী, দেখে নিন-

নতুন এই নিয়ম অনুযায়ী, সোমবার করে টিকা পাবেন ৪৫ ঊর্ধ্বরা।

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার টিকা দেওয়া হবে রিকশাচালক, হকার, টোটোচালক, সবজি বিক্রেতা, মুদি, খবরের কাগজ বিক্রেতারা।

রিকশাচালক, টোটো চালক, হকার, খবরের কাগজ বিক্রেতাদের টিকা নিতে হলে নিজের আধার কার্ডের ফটোকপিতে স্থানীয় থানার স্ট্যাম্প লাগবে।

অন্যদিকে, সবজি বিক্রেতাদেরও এই পদ্ধতিতেই বাজার কমিটি স্বীকৃতি দেবে।

পরিবহণকর্মীদের জন্য লাগবে আধার কার্ড ও লাইসেন্স।

আরও পড়ুন- বাড়িতে বসেই নিজেই করুন করোনা টেস্ট, খরচ মাত্র ২৫০ টাকা!

সমাজের যে সমস্ত পেশার মানুষ সবচেয়ে বেশি মানুষের কাছাকাছি আসেন, তাঁদের প্রত্যেককেই অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে। এমনকি, তাঁদেরকে সুপার স্প্রেডার হিসাবেও চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন হকার, সবজি ও মাছ বিক্রেতা, নিউজ পেপার বিক্রেতা, মুদি দোকানদার। এই কারণে তাঁদের আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে রাখি, মঙ্গল-বুধ ও রবিবার কোনও টিকাকরণ হবে না।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজারেরও বেশি মানুষ। কলকাতায় ১ দিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৮ জন ও মৃত্যু হয়েছে ৩১ জনের। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা আরও বেশি, ৪,১৭৭। তবে, মঙ্গলবারের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার হয়েছে ২৭.৭০ শতাংশ। আবার মোট সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ১০.২৩ শতাংশে। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই সংক্রমণ রুখতেই এবার নতুন পদ্ধতিতে টিকাকরণের সিদ্ধান্ত নিল পুরসভা।

RELATED Articles