কেন্দ্রীয় রোষে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম! ভারতে ব্লক হতে পারে এই শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি! 

সোশ্যাল মিডিয়ার ওপর রাশ টানতে কেন্দ্রের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছিল। সেই সঙ্গে বেঁধে দেওয়া হয়েছিল সময়সীমাও। তিন মাসের সেই সময়সীমা আজ অর্থাৎ মঙ্গলবারই শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে যদি নতুন নির্দেশিকা বলবৎ না করা হয় তাহলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় ও শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে ব্লক করতে পারে কেন্দ্র। সূত্রের খবর, অন্তত ২ দিনের জন্য ভারতে ব্লক করে দেওয়া হতে পারে এই সংস্থাগুলিকে।

প্রসঙ্গত উল্লেখ্য চলতি বছরের ২৫শে ফেব্রুয়ারি ভারতবর্ষে ডিজিটা‌ল কনটেন্ট সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করেছিল ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। সেই নির্দেশিকায় নির্দেশ দেওয়া হয়েছিল, শীর্ষ স্থানীয় এই সোশ্যাল সাইট গুলিকে একটি কমিটি তৈরি করতে হবে নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য। সেই সঙ্গে কোনও কনটেন্ট যদি অনভিপ্রেত বা আপত্তিকর মনে হয় তাহলে সেই সঠিক সিদ্ধান্ত নেবে ওই সংশ্লিষ্ট কমিটি। আর এই জন্য কেন্দ্রের তরফে ধার্য করা হয় তিনটি মাস। তবে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিই নয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য‌ও এক‌ই নির্দেশ পাঠায় কেন্দ্র।

কিন্তু কেন্দ্রের পাঠানো এই নির্দেশকে কার্যত অবহেলা করে উক্ত সংস্থাগুলি। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের এই নির্দেশিকা হাতে পাওয়ার পর‌ও কোনও প্রতিক্রিয়াই জানায়নি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো কোনও সংস্থাই।

কেন্দ্রের এই সিদ্ধান্তে একমাত্র সায় দেয় দেশীয় সোশ্যাল মিডিয়া সংস্থা ‘কু’! আর কেন্দ্রের নির্দেশ না মানার শাস্তি এবার পেতে চলেছে নামজাদা সংস্থাগুলি। সাময়িকভাবে তাদের ভারতবর্ষের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

RELATED Articles