বিতর্ক এখনও অব্যাহত, এর মধ্যেই ‘ইন্ডিয়ান আইডল’-এ না ফেরার সিদ্ধান্ত নিলেন বিশাল দাদলানি

এখনও ইন্ডিয়ান আইডলকে ঘিরে চলছে বিতর্কের ঝড়। নিত্যদিন কিছু না কিছু শোনা যাচ্ছে এই রিয়্যালিটি শো-কে কেন্দ্র করে। এর মাঝেই ফের অন্য এক বিতর্ক উস্কে দিলেন এই শো-য়েরই এক বিচারক বিশাল দাদলানি। সাফ জানিয়ে দিলেন, তিনি এই শো-য়ে ফিরবেন না।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? জানা গিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকেই কিছুদিনের জন্য এই শো থেকে বিরতি নেন বিশাল দাদলানি। তাঁর জায়গায় বিচারক হিসেবে দেখা যায় অনু মালিককে। এবার শোনা যাচ্ছে, অনু মালিককেই পাকাপাকিভাবে বিচারকের আসনে দেখা যাবে।

আরও পড়ুন- ‘সবাই তো আর কিশোর কুমার হতে পারে না’, এবার ইন্ডিয়ান আইডল বিতর্ক নিয়ে সরব হলেন সোনু নিগম

সূত্রের খবর অনুযায়ী, মা-বাবার সঙ্গে থাকেন বিশাল। এ অতিমারির জেরে মা-বাবার শরীর-স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তিত তিনি। এই কারণে এই মুহূর্তে সবরকম শুটিং বন্ধ রাখছেন তিনি। কিন্তু এই নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

শো-এর সঞ্চালক আদিত্য নারায়ণ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গত বছরই বাবা-মাকে সঙ্গে নিয়ে লোনাভলায় শিফট করেছেন বিশাল। লোনাভলা থেকে দামানে শুটিংয়ের জন্য ড্রাইভ করে আসা এবং বাড়ি ফিরে যাওয়া এই পরিস্থিতিতে তাঁর পক্ষে অসম্ভব। বাবা, মায়ের জন্য বাড়তি সতর্কতাও মেনে চলছেন তিনি”। এই বিষয়ে আদিত্যও সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশালকে।

তবে বিশালের এই সিদ্ধান্ত নিয়েও ইন্ডাস্ট্রির অন্দরে নানান প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এই শো-তে যোগ না দেওয়ার প্রাথমিক কারণ করোনা অতিমারি নয়। বিগত বেশ কিছুদিন ধরে এই শো নিয়ে যে বিতর্ক চলছে, সেই কারণেই এই শো ছাড়লেন বিশাল। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেন নি বিশাল নিজে।

আরও অন্যান্য খবর