বিগত বেশ কিছুদিন ধরেই ইন্ডিয়ান আইডল নিয়ে বিতর্ক বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। এই বিতর্ক যেন শেষ হওয়ারই নয়। এবার এই নিয়ে মুখ খুললেন গায়ক সোনু নিগম। তিনি নিজেও একসময় এই শো-এর বিচারক ছিলেন। দীর্ঘদিন ধরে যে এই বিতর্ক চলছে, তা যাতে দ্রুত শেষ করা হয়, এমনটাই আবেদন জানালেন গায়ক।
কিশোর কুমার পুত্র অমিত কুমার এই শো সম্বন্ধে এক মন্তব্য করার পর থেকেই শুরু হয়েছে এই বিতর্ক। অনেকেই এই নিয়ে অনেক কথা বলেছেন। তবে এবার নিজের নিরপেক্ষ মতামত রাখলেন সোনু নিগম।
সম্প্রতি, ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দিয়ে সোনু বলেন, অমিত কুমার একজন সিনিয়র শিল্পী এবং তাঁকে সম্মান করা উচিত। তাত্র সমর্থনে সোনু বলেন যে “একজন চুপচাপ থাকা মানুষের সুযোগ নেওয়ার চেষ্টা করছেন মানুষজন”। সোনুর মতে, এই বিতর্ক এখানেই শেষ হওয়া উচিত। অমিত কুমার যে মর্যাদাপূর্ণভাবে চুপ রয়েছেন, সেই বিষয়টিও গুরুত্ব দেন গায়ক।
তবে এদিকে আবার নির্মাতাদের পাশেও দাঁড়িয়েছেন সোনু। তিনি বলেন, “নির্মাতারা অতিথিদের প্রতিযোগিদের প্রশংসা করতে বলেন এই বিষয়টি এক্কেবারেই অদ্ভূত বা অকল্পনীয় নয়। প্রতিদিন প্রতিযোগিরা নিজেদের সেরাটা দিতে পারে না এবং গান গাইতে গেলে স্বাভাবিক নিয়মেই ভুলও হয়”।
সোনু পরিষ্কার জানান, “সকলে তো কিশোর কুমার হতে পারে না। সেটা হওয়াটাও সম্ভবপর নয়। শুধু তাই নয়, সকলে কিশোর কুমারের গানের সঙ্গে সুবিচারও করতে পারে না”। সোনুর মতে, “এটা বিষয়টা নিয়ে অমিতজিরও কোনও দোষ নেই, আবার টিম ইন্ডিয়ান আইডলের কোনও দোষ নেই, অমিতজি অনেক অভিজ্ঞ মানুষ। আমার মনে হয় এই বিতর্কটা বাড়ানো উচিত নয়”।
View this post on Instagram
এছাড়াও, এই শো-য়ের সঞ্চালক আদিত্য নারায়ণ ও বিচারক মনোজ মুনতাসিরের কাছেও সোনু অনুরোধ করেন যাতে এই বিষয় নিয়ে ভবিষ্যতে আর কোনও মন্তব্য না করা হয়।
আরও পড়ুন- ‘থ্রি ইডিয়টস’-এ মদ্যপান করেই শুটিং করেছিলেন শরমন, মাধবন! নির্দেশ ছিল আমিরের, জানুন অজানা গল্প
সোনুর এই ভিডিওকে সমর্থন করেন অমিত কুমারের ভক্তরা। এমনকি, কুমার শানুও এই ভিডিও সমর্থন করে বলেন, “এক্কেবারে সঠিক কথা। আমিও অমিতদাকে খুব সম্মান করি। কেউ কিশোরদার মতো গাইতে পারবে না। বাচ্চারা তো বাদ দিন অভিজ্ঞ শিল্পীরাও পারবে না। উনি সবার অনুপ্রেরণা। অমিতদা দুর্দান্ত শিল্পী, উনি যোগ্য সম্মানের দাবিদার”। বলে রাখি, কিছুদিন আগে তিনিও এও শো-য়ের অতিথি হয়ে এসেছিলেন।





