তিনদিনের দিল্লি সফরে গেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যে ভোক পরবর্তী হিংসা নিয়ে এখন সড়ব বিজেপি নেতৃত্ব। দু’দিন আগেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে এসে দেখা করেন ৫০ জন বিজেপি নেতা কর্মী। তারপরই রাজ্যপালের দিল্লি সফর। যা যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হয়েছিল।
আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল দেখা করেন কেন্দ্রীয় কয়লা ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে। দু’জনের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে।
এমনিতেই বাংলার সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক আদায় কাঁচকলায়। ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন সময় সুর চড়িয়েছেন রাজ্যপাল। রাজভবন সূত্রে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যার উড়ানে দিল্লি রওনা হয়েছেন রাজ্যপাল। তিন দিনের সফর শেষে তিনি রাজ্যে ফিরবেন ১৮ই জুন, অর্থাৎ শুক্রবার। এই তিনদিনে দিল্লিতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে বৈঠকের কথাও রয়েছে তাঁর। দেখা করার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গেও।
আরও পড়ুন-জন্মদিনে পুলিশি গেরোয় মিঠুন! উস্কানি মূলক মন্তব্যের দায়ে ভার্চুয়াল জেরায় মহাগুরু
গতকাল দিল্লি পৌঁছানোর পর এদিন সকালে কেন্দ্রীয় কয়লা ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
বৈঠকের পর টুইট করে রাজ্যপাল লেখেন, ‘বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় কয়লা ও সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীর সঙ্গে ইতিবাচক আলোচনা হল’। দেখে নিন তাঁর টুইট।





