ভারতের মানচিত্রকে বিকৃত করল টুইটার, এর বিরুদ্ধে অভিযোগ কেন্দ্রের। এই অভিযোগকে কেন্দ্র করে ফের নতুন করে কেন্দ্র-টুইটার তরজা।
কোম্পানির ওয়েবসাইট Tweeplife শীর্ষক একটি পেজ। এই পেজেরই কেরিয়ার সেকশনে যে মানচিত্র ব্যবহার করা হয়েছে, সেখানে জম্মু, কাশ্মীর, ও লাদাখের অংশগুলিকে আলাদা করে দেখানো হয়েছে।
তবে এটাই প্রথমবার নয় যে মানচিত্রের বিকৃতকরণের অভিযোগ সামনে এসেছে। এর আগেও গত অক্টোবর মাসে টুইটারের কাছে নোটিশ পাঠায় কেন্দ্র। সেই সময় লে’র জিওট্যাগে সেই জায়গাটিকে চীনের অংশ বলে উল্লেখ করা হয়েছিল। এই নিয়ে টুইটার সিইও জ্যাক ডোরসেকে চিঠি পাঠায় কেন্দ্র সরকার। ভারতের মানচিত্রকে ভুলভাবে উপস্থাপিত করার জন্য ব্যাপক অসন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় সরকার। সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের জন্য নয়া তথ্যপ্রযুক্তি আইন নিয়ে বিতর্কের মাঝেই এই নতুন বিতর্ক সামনে এল।
আরও পড়ুন- বাড়ল বাস ভাড়া, এবার থেকে বাসে উঠলেই দিতে হবে দশ টাকা! দেখে নিন নতুন ভাড়ার তালিকা
টুইটারের পাশাপাশি উইকিপিডিয়াকেও সতর্ক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। দেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ পাতাকে নিয়েই আপত্তি তুলেছে কেন্দ্র সরকার। এটিকে যাতে মুছে দেওয়া হয়, এমনটাও বলা হয়েছে। এমন তথ্য দেশের অখণ্ডতাকে বিঘ্নিত করতে পারে।
তবে শুধু ভারতই নয়, আমেরিকার মানচিত্রকেও বিকৃত করেছে টুইটার, এমন অভিযোগও উঠেছে। এই বিষয়ে অ্যালবেনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টোফার ক্ল্যারি বলেন, “আমার মনে হচ্ছে টুইটার অন্তত ১০টি মার্কিন রাজ্যকে অন্য দেশ বলে উল্লেখ করেছে”।






