সোশ্যাল মিডিয়ায় এখন একটা গান রীতিমত ভাইরাল। এক ১০ বছরের বাচ্চা সহদেব ডিরদো গলায় ‘বাচপান কা পেয়ার’ গানের নেশায় বুঁদ তামাম ভারতীয়। আর এই গান গেয়েই সে কিনা পেল ২৩ লক্ষ টাকার গাড়ি?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। তাতে স্কুলের পোশাকে খালি গলায় গান গাইতে দেখা যায় একটি বাচ্চাকে। নাম সহদেব ডিরদো। গানের নাম ‘বাচপন কা পেয়ার’। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তারপর সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন তারকারা সেই গানে বানাতে থাকে রিল ভিডিও। রিয়্যালিটি শো’র মঞ্চ পর্যন্ত ভাইরাল হয়ে গিয়েছে সেই গান। এই মুহূর্তে শোরগোল পড়েছে তার একটি ছবি নিয়ে। শোনা গিয়েছে, গাড়ি প্রস্তুতকারী সংস্থা এমজি’র তরফ থেকে সহদেবকে দেওয়া হবে একটি দামি গাড়ি। একটি গান গেয়ে সত্যিই কি সহদেব ২৩ লক্ষ টাকার বিলাসবহুল গাড়ির মালিক হবে?
ছত্রিশগড়ের সুকমা জেলার এই বিদ্যার্থীর ভাইরাল হওয়া ভিডিও, পৌঁছে গিয়েছে ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পর্যন্ত। ২০১৯ সালের কমলেশ বারোতের গাওয়া গান ‘বাচপন কা পেয়ার’ সহদেব খালি গলায় গেয়ে তোলপাড় করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। ভিডিওটি তুলেছিলেন একজন শিক্ষক। মুখ্যমন্ত্রীর কাছে ভিডিও পৌঁছাতেই তাঁর সামনে দাঁড়িয়ে গানটি গাইতে বলা হয় সহদেবকে।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় মাতামাতি সহদেবকে নিয়ে। এমনকি ‘ইন্ডিয়ান আইডল’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে সে। তার সঙ্গে শ্যুট করা হয়েছে মিউজিক ভিডিও। শ্যুট করার সময় সঙ্গে ছিলেন বাদশা, আস্থা গিল এবং রিকো। পাশাপাশি বেশ কয়েকদিন ধরেই গাড়ির সামনে দাঁড়িয়ে তার ছবি ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে।
হাতে রয়েছে গাড়ির চাবি। আর তাতেই প্রশ্ন উঠেছে, গাড়িটি কি সহদেবের? ছবিতে বয়ে গিয়েছে কমেন্টের বন্যা। কিন্তু এই মুহূর্তে ছবিটির সত্যতা স্বীকার করে দেখা হয়নি। এদিকে পুরো ব্যাপরই নাকচ করেছে গাড়ি সংস্থা। তাঁদের কাছে বিষয়টি তুলে ধরায়, তাঁরা জানিয়েছে, শোরুমে ডাকা হয়েছিল সহদেবকে।
একজন গ্রাহকের হাতে, তার হাত দিয়ে নতুন গাড়ির চাবি তুলে দেওয়া হয়। সেই ছবি সামনে আসতেই প্রশ্ন উঠেছে। কিন্তু সহদেবকে কোনো গাড়ি দেওয়ার সম্বন্ধ নেই এর সঙ্গে। খালি গলায় একটি গান গেয়ে আজ ১০ বছরের সহদেব জগত বিখ্যাত।





