রাজনৈতিক তরজা তুঙ্গে, ‘খেলা হবে’ দিবসের পাল্টা এবার ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ ঘোষণা বিজেপির

একুশের নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগানকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে ভোট লড়াইয়ে সামিল হয় তৃণমূল। আর খেলা শেষে দেখা যায় পর্যুদস্ত হয়েছে বিজেপি। ফের তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতা দখল করে ঘাসফুল শিবির। এই কারণে এই ‘খেলা হবে’-কে দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয় তৃণমূলের তরফে।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে এবার বাংলায় পালন করা হবে ‘খেলা হবে’ দিবস। ১৬ই আগস্ট দিনটিকেই বেছে নেওয়া হয় এর জন্য। তবে শুধু বাংলাই নয়, এই ‘খেলা হবে’ দিবস ত্রিপুরা, উত্তরপ্রদেশ-সহ দেশের নানা প্রান্তে পালন করা হচ্ছে। এই দিবস পালনের স্বার্থে রাজ্যের নানান ক্লাবগুলিকে প্রায় এক লক্ষ ফুটবল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফে।

আরও পড়ুন- ‘দুটো ঢিল মারল আর বিপ্লব শেষ, বাচ্চা ছেলেদের পাঠায় কেন’, ত্রিপুরা কাণ্ডে শাসকদলকে ফের তোপ দিলীপের

তবে এবার এই ‘খেলা হবে’ দিবসের পাল্টা দিল বিজেপি। এই দিনের পাল্টা হিসেবে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ সকলেই। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে সেন্ট্রাল কলকাতায় প্রতিবাদ বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি।

এই প্রসঙ্গে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ছোটবেলায় আমরা প্লাস্টিকের বল দিয়ে ফুটবল খেলতাম। তবে এখন অবশ্য সেই খেলার ধরণ বদলে গিয়েছে। এখন হিংসার খেলা, কাটমানি, সিন্ডিকেটের খেলা চলছে। আমরা চাইছি সেই খেলা আবার ফিরে আসুক যে খেলা মানুষকে সুস্থ ও বলবান রাখে”।

আরও পড়ুন- তৃণমূলের ‘খেলা হবে’ দিবসের সূচনা করলেন দিলীপ ঘোষ, ইকো পার্কে ফুটবল খেলায় মাতলেন বিজেপির রাজ্য সভাপতি

বিজেপির এই পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস নিয়ে তীব্র কটাক্ষ করতে শোনা যায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। তিনি বলেন, “২০১১ সালে বাংলাকে বাঁচিয়েছে তৃণমূল যখন মমতা ক্ষমতায় আসে। ২০২৪য়ে ভারতকেও বাঁচাবে তৃণমূল”।

আরও অন্যান্য খবর