তালিবানরা যে এত দ্রুত কাবুল দখল করে নেবে তা ভেবে উঠতে পারেনি নানান দেশ। রবিবার রাতে তালিবানরা কাবুল দখল করার পর সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’র তরফে যে ছবি প্রকাশ করা হয়েছে, তা দেখে রীতিমতো শিউড়ে উঠেছিল গোটা বিশ্ব। আফগান প্রেসিডেন্ট ভবনে আগ্নেয়াস্ত্র হাতে তালিবানরা ঘুরে বেড়াচ্ছে।
আফগানবাসীদের ২০ বছর আগেকার দুঃস্বপ্ন ফিরতে চলেছে বলেই মনে করা। তালিবান সূত্রে খবর, দ্রুতই আফগানিস্তানের নাম মুছে যাবে। দেশের নাম ঘোষিত হবে ‘ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান’।
আরও পড়ুন- দেশের নাম বদলে গিয়ে হবে ‘ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান’, পাল্টে যাবে দেশের পতাকাও
তালিবান সূত্রে এমনও দাবী করা হয়েছে যে আফগানিস্তানের পতাকা, দেশের আইন সবটাই বদলে যাবে। দেশের জাতীয় পতাকা বদলে যাবে, লাগানো হবে তালিবানের প্রতীক। তালিবানরা ফের ইসলামিক আইন কায়েম করবে বলেও আশঙ্কা আফগানবাসীদের। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালিবান শাসন চলাকালীন এই ইসলামিক আইন জারি ছিল। এর জেরে মেয়েদের পোশাক থেকে শুরু শিক্ষা, সবকিছুতেই ফতোয়া জারি করা হয়েছিল। সামান্য কিছু অপরাধেও মিলত প্রাণদণ্ড।
এমন পরিস্থিতিতে কাবুল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে। এই জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের দুটি বিমান তৈরি রাখে।
রবিবার তালিবানরা কাবুল দখল করার পরই ১২৯ জন যাত্রীকে নিয়ে দেশে ফিরেছে এয়ার ইন্ডিয়া। ওই দেশ থেকে আরও ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়ার উপর দায়িত্ব দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন- রাজনৈতিক তরজা তুঙ্গে, ‘খেলা হবে’ দিবসের পাল্টা এবার ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ ঘোষণা বিজেপির
ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ইতিমধ্যেই নিজেদের দেশের নাগরিকদের দেশে ফেরাতে উদ্যোগী হয়েছে। জানা গিয়েছে, আমেরিকা ইতিমধ্যেই তাদের সব নাগরিককে দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছে। অন্যদিকে, কাবুলে তালিবানরা ক্ষমতা দখলের পর সেখানে নিজেদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে এমিরেটস বিমান সংস্থা।






