ভাইরাল হয় একটি অডিও, আতে কাউকে একটা বলতে শোনা যায়, “ওই বুড়োবুড়িকে ৬০০ টাকা ফিরিয়ে দাও। আর বলে দাও আপনারা কাউকে বলবেন না কে টাকা পয়সা দিয়েছেন”। এই অডিও ক্লিপকে ঘিরেই তুমুল শোরগোল পড়ে যায় স্বাস্থ্য দফতরের অন্দরে।
ঘটনাটি ছোটো জাগুলিয়ার। সেখানকার ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে করোনার টিকা বিক্রির অভিযোগ উঠেছে। টাকার বিনিময়ে এক ব্যক্তির বাড়িতে করোনার টিকা পৌঁছে দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সব্যসাচী রায়, এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে।
এদিকে দাবী করা হয়েছে যে এই টাকা নাকি তাঁর অজান্তেই নেওয়া হয়েছিল। আর সেই টাকা ফেরত দেওয়া হয়েছে বলেও দাবী। তবে এই বিষয়টি বেশ গুরুত্ব দিয়েই দেখছে স্বাস্থ্য দফতর।
এদিকে নবান্নের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে ওই ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। সেই অনুযায়ীই কাজ করছে স্বাস্থ্য দফতর। সব্যসাচী রায়কে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলেও জানা গিয়েছে।
এই গোটা ঘটনায় মুখ খুলেছেন তৃণমূলের সাংসদ ডাঃ শান্তনু সেন। তাঁর কথায়, “এই ধরনের ঘটনা অনভিপ্রেত। দুয়ারে টিকা দেওয়ার কোনও নীতি নেই সরকারের। টিকা নেওয়ার পর ডাক্তারদের পর্যবেক্ষণে থাকাই নিয়ম। দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রশাসন সঠিক পদক্ষেপ নেবে”। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। তিনি নির্দেশ দিয়েছেন যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয়।





