বাংলার সেরা ধারাবাহিকে কাজ করে এখন সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ওরফে মিঠাই। ধারাবাহিক শুরুর পর থেকেই চর্চায় রয়েছে মিঠাই ও সিদ্ধার্থের জুটি। তুফান মেল আর উচ্ছে বাবুর সমীকরণ দেখতে মজা পান দর্শকবৃন্দ। ইদানিংকালে আবার ধারাবাহিকে এই জুটির মধ্যে হালকা হালকা প্রেম দেখা দিচ্ছে। যদিওবা নিজের অনুভূতিকে প্রেমের নাম দিতে নারাজ সিড। মায়ের খুব কাছের বন্ধুর মেয়েকে শুধুমাত্র উপকার করছে সে।
কিন্তু এ কী! এবার খোলাখুলি মিঠাইকে নিজের কাছে পুরোপুরি রেখে দেওয়ার কথা বলছে সিড! মিঠাই তাঁর উচ্ছে বাবুর কাছে আরও কিছুক্ষণ থাকার আবদার করছেন। আবার সেই আবদার মেনে নিয়ে উচ্ছে বাবু বলছে থেকে যাও পুরোপুরি! তবে কি জেল থেকে মিঠাইকে ছাড়িয়ে নিয়ে এসে, তাঁর প্রতি নিজের অনুভূতি বুঝতে পারল সিদ্ধার্থ? সত্যিই কি এবার দর্শকরা মিঠাই আর সিদ্ধার্থর প্রেম দেখতে পাবে? এই মুহূর্তে এরকমই কিছু প্রশ্ন অনেকের মনে জাগছে একটি ভিডিও দেখে।
ধারাবাহিকে মিঠাইয়ের চরিত্রের সঙ্গে খুব একটা মিল নেই অভিনেত্রী সৌমিতৃষার। তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বোল্ড লুকে ধরা দেন অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা টলিপাড়ার এই নায়িকা। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যে নানা ধরনের ইনস্টাগ্রাম রিল ভিডিও বানিয়েও থাকেন। কখনও তাঁর ভিডিওতে নজরে আসেন ‘অপরাজিতা অপু’র অপু। কখনও ‘এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের ঊর্মি আবার কখনও তিনি একাই দর্শকদের এন্টারটেইন করে থাকেন। এবারও তাঁর একটি ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর কথা শুনে হতবাক হয়েছেন তাঁর ভক্তরা।
প্রসঙ্গত একটি অতি বিখ্যাত সিনেমার ডায়লগ ভিডিওতে বলতে দেখা গিয়েছে মিঠাই ওরফে সৌমিতৃষাকে। ‘নটিং হিল’ সিনেমা থেকে হিউ গ্রান্ট এবং জুলিয়া রবার্টসের দৃশ্যের ডায়লগ নিয়ে ভিডিও করেছেন মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষা কুন্ডু। ভিডিওতে অভিনেত্রীকে মিঠাইয়ের লুকেই দেখা গিয়েছে। মাথাভর্তি সিঁদুর, গোলাপি রঙের শাড়ি ও গয়না পরে ভিডিওতে ধরা দিয়েছেন সৌমিতৃষা। সেখানে অভিনেত্রী হাবভাব নিয়ে যে ডায়লগটি বলেছেন তার বাংলা অর্থ দাঁড়ায়, ‘আরও কিছুক্ষণ থাকতে পারি?’ প্রশ্ন করছেন অভিনেত্রী! পাল্টা আবার ভিডিওতে একটি ছেলের গলায় শুনতে পাওয়া যায় সারা জীবনের জন্য থেকে যাও। যদিওবা সেটা সিদ্ধার্থ ওরফে আদৃত রায়ের গলা নয়।
অভিনেত্রীর করা ইনস্টাগ্রাম রিল ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ছেড়ে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘WISH!’। তাতে বোঝা গেল অভিনেত্রী চাইছেন কেউ যেন এভাবেই তাঁকে সারাজীবনের জন্য আটকে রাখুক। ভিডিও দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়েছেন তাঁকে। অনেকে আবার জিজ্ঞেস করেছেন, ভিডিও করতে গিয়ে কাকে মনে মনে ভাবছেন অভিনেত্রী? অনেকে আবার কামনা করেছেন, তাঁর এই ইচ্ছে যাতে তাড়াতাড়ি পূরণ হয়। এভাবেই সারা নেট পাড়ায় ছড়িয়ে গিয়েছে অভিনেত্রীর এই রিল ভিডিও।
View this post on Instagram






