ফের বক্সঅফিস মাতাতে হাজির টলিউডের জনপ্রিয় এই নায়ক। টলিউডের বেশ জনপ্রিয় ও পরিচিত মুখ তিনি। আগের থেকে কাজ কমিয়ে দিলেও, তাঁকে আজও সকলে মনে রেখেছে। রাজনীতির দায়িত্ব পালনের পাশাপাশি ভালোবেসে অভিনয়জগতে কাজ করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী।
প্রসঙ্গত ২০১৬ সালে পরিচালক অয়ন চক্রবর্তীর সঙ্গে মিলে কাজ করেছিলেন এক গোয়েন্দা সিরিজে। চরিত্রের নাম ছিল চন্দ্রকান্ত। ছবির নাম ছিল “ষড়রিপু”। আর বাকি গোয়েন্দা সিরিজের মত সাহিত্য থেকে এই চরিত্র উঠে না এলেও, বক্সঅফিসে সাফল্যের মুখ দেখেছিল। দর্শকরা বেশ ভালোভাবে নিয়েছিল অভিনেতার এই কাজকে। তারপর আবার ২০১৯-এ ‘ষড়রিপু ২ জতুগৃহ’ তৈরি হয়।
এই ছবিতেও একইভাবে কাজ করেছেন চিরঞ্জিৎ। তাছাড়া এই ছবিতে উপস্থিত ছিলেন আরও তারকারা। কিন্তু তা মুক্তির আগেই সারা দেশ জুড়ে ছেয়ে যায় করোনা। করোনা-লকডাউনের জেরে বাধা পায় চিরঞ্জিৎ চক্রবর্তী অভিনীত এই ছবি। ২০১৯-এ ছবি পুরোপুরি তৈরি হয়ে গেলেও প্রেক্ষাগৃহে মুক্তি পায় না।
করোনার প্রভাবে শেষমেষ বক্সঅফিসে ছবি মুক্তি পাওয়ার তারিখ পিছিয়ে যায়। ঠিক হয় ২০২১-এর পুজো। গত শুক্রবার, বিশ্বকর্মা পুজোর দিন মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এদিন বেশ খোশ মেজাজে দেখা গেল চিরঞ্জিৎ চক্রবর্তীকে। জানালেন, “প্রায় ২০ বছর পরে আবার আমার ছবি মুক্তি পাচ্ছে পুজোতে। মাঝে প্রচুর ছবি করেছি। কিন্তু একটাও পুজোতে মুক্তি পায়নি। তাই আশা রাখছি দর্শকদের উপর। তাঁরা আমার ছবিকে ভালোবাসা দিয়ে জিতিয়ে দেবেন। ঠিক যেভাবে নির্বাচনে আমাকে জিতিয়েছেন।”
করোনার প্রভাবে গত একবছর বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। পাশাপাশি কাজ হয়নি তেমন ইন্ডাস্ট্রিতেও। যে কারণে এবার পুজোয় মুক্তি পেতে চলেছে একসঙ্গে ৪টি ছবি। তালিকায় রয়েছেন দেব-জিৎ দুজনেই। দেব অভিনীত ‘গোলন্দাজ’ এবং প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ মুক্তি পাচ্ছে পুজোতে। এছাড়া সুরিন্দর ফিল্মস-এর ছবিও রয়েছে তালিকায়। তার সঙ্গে যুক্ত হলো ‘ষড়রিপু ২ জতুগৃহ’। নিজের ছবি নিয়ে পরিচালক জানালেন, “টানটান চিত্রনাট্য, তারকাখচিত অভিনয়, আউটডোর-ইনডোর মিলিয়ে ছবিতে তেমন কোনো খামতি রাখিনি। তাছাড়া বাঙালি বরাবরই গোয়েন্দা গল্প বেশি পছন্দ করেন। তাই আশা ছবি বেশ ভালই লাগবে দর্শকদের।”
ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে রয়েছেন রাজেশ শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, অরুণিমা ঘোষ। অন্যদিকে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে রূপম ইসলাম। প্রযোজনায় রয়েছেন ক্যামেলিয়া প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড। পাশাপাশি নিজের ছবি নিয়ে আশাবাদী অরুণিমাও। ছবির শুটিং সম্পর্কে জানালেন, “কালিম্পঙে ছবির শুটিং করতে গিয়ে এক ভুতুড়ে বাড়িতে উঠতে হয়েছিল। এমনিতেই ছবির গা ছমছমে চিত্রনাট্য। তার উপরে ভূতের ভয়। সব মিলিয়ে জমে গিয়েছিল আউটডোর শুট। সেই স্বাদ দর্শকরাও পুরোপুরি পাবেন।” পাশাপাশি জানালেন, তাঁর অভিনীত চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের অরুণিমার কোনো মিল নেই। বাস্তবে অরুণিমা যতটাই ঝটপটে, মেঘনা ততটাই শান্ত।
এদিকে ছবি হিট হলে আবার তৃতীয় অধ্যায় আসবে কিনা? তাই নিয়ে পরিচালক আশ্বাস দিয়েছেন। ফের চিরঞ্জিৎ চক্রবর্তী-সহ আরো নানা তারকা নিয়ে পর্দায় ফিরিয়ে আনবেন চন্দ্রকান্তকে। দেখতে গেলে বেশ অনেকদিন পর রুপোলি পর্দায় দেখা যাবে টলিউডের এই জনপ্রিয় নায়ককে। দর্শকরাও ছবির ট্রেলার দেখে আশাবাদী। ষড়রিপু’র প্রথম অধ্যায়ের মতোই এই অধ্যায়ও বক্সঅফিস মাতাবে বলে ধারণা গোটা টিমের।






