ভারতীয় বংশোদ্ভূত প্রথম মার্কিন ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। তাঁর সঙ্গে প্রথম সাক্ষাতেই বেশ মুগ্ধ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমলা হ্যারিসকে সকলের ‘অনুপ্রেরণা’ বলে আখ্যা দেন তিনি। একইসঙ্গে তাঁকে ভারতে আসার জন্য আমন্ত্রণও জানান।
আজ, শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘক্ষণ কথোপকথন চলে তাদের মধ্যে। এদিন কমলার ভূয়সী প্রশংসা করে মোদী বলেন, “আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের নির্বাচনে আপনার লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক একটি অনুষ্ঠান ছিল। গোটা বিশ্বজুড়েই অনেকের কাছে আপনি অনুপ্রেরণা। আমি নিশ্চিত যে প্রেসিডেন্ট বাইডেন ও আপনার নেতৃত্বে দুই দেশের মধ্যযে দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে”।
কমলা হ্যারিসকে ভারতে আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারত ও আমেরিকার মূল্যবোধ অনেকটাই একরকম, রাজনৈতিক স্বার্থও এক। এছাড়া দুই দেশের মধ্যে সংযোগ ও সম্পর্কও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আপনি আমেরিকায় যেরকম জয়লাভ করেছেন, ভারতীয়রা চান আপনি আমাদের দেশে গিয়েও সেই ধারা বজায় রাখুন। সকল ভারতীয়ই আপনার জন্য অপেক্ষা করছে, সেই কারণে আমি আপনাকে ভারত সফরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি”।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যখন ভারতের পরিস্থিতি বিপর্যস্ত, সেই সময় ভারতের পাশে দাঁড়ায় আমেরিকা। সেই সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভোলেন নি প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “বিপদের সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমেরিকাকে মন থেকে অনেক ধন্যবাদ”।
প্রত্যুত্তরে কমলা হ্যারিস বলেন, “যখন ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল, সেই সময় আমেরিকা গর্বের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি ঘোষণা করছি যে ভারত দ্রুত টিকা রফতানির কাজ শুরু করবে। এই প্রসঙ্গেই বলে রাথা উচিত, ভারত আজই দৈনিক এক কোটি মানুষকে টিকা দিয়েছে”।
এদিন কমলা হ্যারিস ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী যোশিদা সুগার সঙ্গেও দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও গতকাল, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেখা করেন কোয়ালকম ও অ্যাডোব কর্তাদের সঙ্গে। ৫জি প্রযুক্তি থেকে শুরু করে সৌরবিদ্য়ুৎ – নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।
আজ, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ফোনে তাদের আলাপচারিতা হলেও বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর মুখোমুখি তারা এই প্রথম। দুই দেশের প্রধানদের সঙ্গে বৈঠক ছাড়াও কোয়াডের সদস্য দেশগুলির সঙ্গেও বৈঠক সারবেন মোদী, এমনটাই জানা গিয়েছে।






