প্রয়াত অভিনেতা মনোজ বাজপেয়ীর বাবা। ৮৩ বছর বয়সে দিল্লির বেসরকারি হাসপাতালে রবিবার সকালেই প্রয়াত হয়েছেন রাধাকান্ত বাজপেয়ী। গত মাসেই জানা গিয়েছিল সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতার বাবা। ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। বাবার অসুস্থতার খবর আসতেই শুটিং বন্ধ রেখে দিল্লি পৌঁছে গিয়েছিলেন মনোজ বাজপেয়ী।
বেশ কয়েকদিন ধরেই বাবার পাশে ছিলেন অভিনেতা। এদিন অভিনেতার বাবার মৃত্যু সংবাদ জানালেন ‘সি’ পরিচালক অবিনাশ দাস। মনোজ বাজপেয়ীর সঙ্গে একটি ছবি পোস্ট করে এদিন পরিচালক লেখেন, “মনোজ দাদার বাবা আর নেই। ওঁনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো খুবই মিস করব। দারুন একজন মানুষ ছিলেন। ছেলের সাফল্য থেকে সব সময়ই নিজেকে দূরে রেখেছেন।”
রবিবার দুপুরেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেতার বাবার। দিল্লির নিগম বোধ ঘাটে শেষকৃত্য হয়েছে। বাবার মৃত্যু সংবাদ পেয়ে কেরলে ছবির শুটিং বন্ধ রেখে দৌড়েছেন মনোজ বাজপেয়ী। বাবার প্রয়াণে স্বভাবতই ভেঙে পড়েছেন অভিনেতা। এই মুহূর্তে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার মত মানসিক অবস্থা তাঁর নেই। অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দুজনের। কয়েক বছর আগে নিজের টুইটারে বাবার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছিলেন ‘আমার গ্রেট বাবা’।
My gr8 father!dicussing the mutton that he cooks very well.yumyum pic.twitter.com/vKBCoBTU
— manoj bajpayee (@BajpayeeManoj) October 5, 2012
এমনকি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, বাবার সহযোগিতা না থাকলে আজ অভিনয়ে আসা হতো না। তিনি সাহস যুগিয়েছেন বলেই, অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার সাহস অর্জন করতে পেরেছিলেন মনোজ বাজপেয়ী। বাবার অনুপ্রেরণাতেই বি-টাউনে পা রাখা। আজ তাঁর প্রয়াণে শোকাহত বাজপেয়ী পরিবার।






